পাহাড় কাটার অভিযোগে কক্সবাজারের পেকুয়ায় উপজেলা যুবলীগের নেতা জাহাঙ্গীর আলম ও জাতীয় পার্টির নেতা মো. জাহাঙ্গীর আলম ওরফে বিডিআর জাহাঙ্গীরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম পেকুয়া থানায় মামলা করেন।
অন্য আসামিরা হলেন উপজেলার শিলখালী ইউনিয়নের মাঝেরঘোনা এলাকার কবির হোসেন (৬৫), নিয়ামত আলী (৩০) ও মোস্তাক আহমদ।
এজাহার সূত্রে জানা যায়, পেকুয়ার শিলখালী ইউনিয়নের মাঝেরঘোনা ও জারুলবনিয়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পাহাড় কাটছে। পাহাড় কেটে মাটি বিক্রি ও সমতলভূমি বানানোর খবর পেয়ে ১ ডিসেম্বর মাঝেরঘোনা এলাকায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালায়। এ সময় মাটিভর্তি একটি ট্রাক আটক করা হয়। তবে সংঘবদ্ধ চক্রের লোকজন পালিয়ে যায়।
অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রভাব খাঁটিয়ে দীর্ঘদিন ধরে পাহাড় কেটে মাটি বিক্রি করছেন। অন্য আসামিদের যোগসাজশে প্রাথমিকভাবে তাঁরা দুই থেকে তিন একর পাহাড় কেটেছেন বলে তথ্য মিলেছে। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া বলেন, এ ঘটনায় সোমবার রাতে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরই এ বিষয়ে তদন্ত করছে।