৩২ লাখ টাকা আত্মসাতের মামলায় গত সোমবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউবিসিএল) বরিশাল শাখার সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা জাকির হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার অন্য দুজন হলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহীন সিকদার এবং তাঁর স্ত্রী নাঈমা রহমান।
দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয় সূত্র জানায়, ২০১৬ সালের ১৯ ডিসেম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা জাকির হোসেনের দেওয়া ঋণের অতিরিক্ত টাকা ভাউচারের মাধ্যমে তুলে আত্মসাতের অভিযোগে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক মিজানুর রহমান। ওই অভিযোগে তখন জাকিরকে বরখাস্ত করা হয়। ওই মামলায় জাকির হোসেনের বিরুদ্ধে ৩১ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়। পরে মামলাটি দুদকে যায়। তদন্তের দায়িত্ব পান দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মতিউর রহমান। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় জাকির হোসেনকে গ্রেপ্তার করতে মাঠে নামেন দুদকের গোয়েন্দারা। তদন্তে দেখা গেছে, শাহীন সিকদার ও তাঁর স্ত্রী নাঈমা রহমান ঋণ নেওয়ার ক্ষেত্রে জাকির হোসেনের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়েছেন। সেই অভিযোগে ওই দুজনকেও গ্রেপ্তার করা হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন বলেন, দুদক তিনজনকে গ্রেপ্তার করে সোমবার রাতে তাঁদের কাছে হস্তান্তর করে। গতকাল দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।