যুবলীগ নেতাসহ দুই জেলায় তিনজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলা থেকে গতকাল শনিবার যুবলীগের এক নেতাসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা গ্রামের ধানখেত থেকে গতকাল অজ্ঞাতনামা এক কিশোরীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
দাগনভূঞায় নিহত যুবলীগের ওই নেতার নাম মো. জাকের হোসেন (৩২)। তিনি পূর্বচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও গজারিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
এ উপজেলায় উদ্ধার হওয়া অপর লাশটি আবদুর রহমান (৩০) নামের এক যুবকের। তিনি দাগনভূঞার বারাহিগনি গ্রামের হেঞ্জু মিয়ার ছেলে।
দাগনভূঞা উপজেলার বারাহিগনি গ্রাম থেকে পুলিশ গতকাল দুপুরে আবদুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। অপরদিকে একই উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের আবদুল গফুরের ছেলে মো. জাকের হোসেনের (৩২) লাশ তাঁর বাড়ির সামনের পুকুর থেকে গতকাল বিকেলে উদ্ধার করা হয়। গত শুক্রবার রাত ১১টা থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশ ও গ্রামবাসী জানায়, গতকাল সকালে আবদুর রহমানের লাশ তাঁর নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন।
খবর পেয়ে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাবা হেঞ্জু মিয়া, মা রেজিয়া খাতুন, স্ত্রী বিবি কুলসুম, দুই ভাই আবুল কালাম ও আবদুল গোফরানকে আটক করে থানায় নিয়ে আসে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল জানান, আবদুর রহমানকে যে হত্যা করা হয়েছে সে ব্যাপারে পুলিশ নিশ্চিত হয়েছে। তবে হত্যার ঘটনা সম্পর্কে জানতে জ্ঞিাসাবাদের জন্য তাঁর পরিবারের পাঁচজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, গজারিয়া গ্রামের জাকের হোসেন মৃগী রোগী ছিলেন। পানিতে পড়েই তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কমলনগর থানা সূত্রে জানা গেছে, কমলনগর উপজেলার চরকাদিরা এলাকার একটি ধানখেতে কিশোরীর গলিত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, কিশোরীর লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।