গাজীপুরের টঙ্গীর চেরাগআলী ট্রাকস্ট্যান্ডে যুবলীগের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এর জেরে গতকাল বুধবার যুবলীগের নেতা-কর্মী ও ট্রাকশ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে ট্রাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অবরোধ করে রাখেন।
জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, যুবলীগের নামে টঙ্গীর কামারপাড়া-ইজতেমা সড়কে প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৯০ টাকা, বাস ও কনটেইনার থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করা হয়। এ জন্য ভুয়া রসিদ দেওয়া হয়। কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের নাম ছাড়া ছাপানো এসব রসিদের মাধ্যমে এভাবে প্রতিদিন হাজার হাজার টাকা আদায় করা হয়। চাঁদা দিতে না চাইলে প্রায় প্রতিদিনই বিভিন্ন গাড়ির চালক ও শ্রমিকদের মারধর করা হয়। গতকালও কয়েকজন ট্রাকশ্রমিককে মারধরের অভিযোগ ওঠে। এই খবর পেয়ে ক্ষুব্ধ ট্রাকশ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে যুবলীগের নেতা-কর্মীদের ধাওয়া দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ১৫-২০ মিনিট সংঘর্ষ হয়। পরে এর প্রতিবাদে ট্রাকস্ট্যান্ডের সামনে মহাসড়কে ট্রাক রেখে অবরোধ সৃষ্টি করেন ট্রাক ও কাভার্ড ভ্যানের শ্রমিকেরা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুর রশিদ বলেন, দিনের বেলা রাজধানীতে ট্রাক প্রবেশ নিষিদ্ধ। এ জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পণ্যবাহী ট্রাক টঙ্গীতে অবস্থান করে। রাতে এসব ট্রাক রাজধানীতে প্রবেশ করে। তিনি দাবি করেন, চেরাগআলীর কামারপাড়া-ইজতেমা বাইপাস সড়কটি যানজটমুক্ত। অপেক্ষাকৃত নিরাপদও। এই কারণে ট্রাকচালকেরা সেখানে ট্রাক রাখেন। চাঁদাবাজির ঘটনা সেখানেই ঘটে।
গাজীপুর সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম বলেন, যুবলীগের নেতা-কর্মীরা এই চাঁদাবাজির সঙ্গে যুক্ত নন। তিনি দাবি করেন, যুবলীগের নাম ভাঙিয়ে একদল দুর্বৃত্ত চাঁদাবাজি করছে। যুবলীগের নামধারী ব্যক্তিদের সঙ্গে শ্রমিকদের ওই সংঘর্ষ হয়েছে।
টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ট্রাকস্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।