যুবলীগের আহ্বায়কসহ ১১ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর হামলার ঘটনায় নোয়াখালীর সেনবাগ উপজেলা যুবলীগের আহ্বায়ক জাকারিয়া আল-মামুনসহ যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতা-কর্মী ও সমর্থকের বিরুদ্ধে মামলা হয়েছে। সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল হক সিকদার বাদী হয়ে গত বুধবার রাতে এ মামলা করেন।
বুধবার বিকেলে পৌর শহরে অবৈধ মোটরসাইকেল আটকের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে যুবলীগের কর্মীদের হাতাহাতি হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, একটি ভুল-বোঝাবুঝি থেকে ঘটনার সূত্রপাত। মামলাটির তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা যুবলীগের আহ্বায়ক জাকারিয়া আল-মামুন প্রথম আলোর কাছে দাবি করেন, মোটরসাইকেল আটক অভিযানের নামে পুলিশের একজন কনস্টেবল এক প্রবাসীকে মারধর করায় তিনি বিষয়টির প্রতিবাদ জানান। অন্যায়ের প্রতিবাদ করায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।