যুবলীগের কর্মীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিনের ১২ শতাংশ জমি দখল করে পাকা ভবন নির্মাণ করছেন যুবলীগের এক কর্মী।
গতকাল বুধবার বেলা ১১টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামাল উদ্দিন ওই অভিযোগ করেন। জামাল উদ্দিন জেলা বিএনপির নির্বাহী সদস্য।
জমি দখলকারী নুরে আলম ভোলা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি জেলা যুবলীগের প্রভাবশালী কর্মী। নুরে আলম ও তাঁর ভাইয়েরা জানান, জমিটি তাঁর বাবা অনেক আগে তাঁর ফুপু জয়নব বেগমের কাছ থেকে কিনেছেন। চারদলীয় জোট সরকারের সময়ে চেয়ারম্যান ফুপুর ছেলেমেয়েদের ফুসলিয়ে জমি লিখে নেন। পরে জমি দখল নিয়ে প্রাচীর নির্মাণ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামাল উদ্দিন বলেন, ‘আমি ২০০৩ সালের ৩০ জুন ভোলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌরকাঁঠালীর সরদার বাড়ি মসজিদসংলগ্ন এলাকার কাঁঠালী মৌজার (দাগ নম্বর-৩২৯-৩৩০) ১২ শতাংশ জমি মৃত তোফাজ্জল হোসেনের স্ত্রী জয়নব বেগমের ওয়ারিশের (এক ছেলে আলাউদ্দিন এবং মেয়ে ফরিদা বেগম, সুফিয়া বেগম, নুরজাহান বেগম, জাহানারা বেগম ও রেণু বেগম) কাছ থেকে ক্রয় করি। জমির খতিয়ান নম্বর ১৭৪, ১৭৭, ১৮০। জেএল নম্বর ৭০। আমি দলিল করার পরে জমির সীমানা নির্ধারণ করে পাকা প্রাচীর নির্মাণ করে ভোগদখল করছি। হঠাৎ ২০০৯ সালের ৭ অক্টোবর ওই জমি দাবি করেন পৌর যুবলীগের ক্যাডার নুরে আলম, তাঁর বড় ভাই রুহুল আমিন গং সালিস বসান। সালিসে হেরে গিয়ে জরিপ অফিস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ভূমি অফিসে মামলা করেও হেরে যান নুরে আলম গং। রায় না মেনে ক্ষমতার প্রভাবে ৯ অক্টোবর তাঁরা জমির দখল নেন। রাতে সেখানে একটি টিনের ঘর তোলেন। এখন সেখানে পাকা ভবন তুলছেন। ঘটনাটি পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি।’
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, জমিতে টিনের একটি ঘর বসানো হয়েছে। তার ভেতরে নুরে আলমের লোকজন পাকা ভবন তুলছেন। এ জন্য ইট এনে রাখা হয়েছে। জমিতে নুরে আলমের নামে একটি হোল্ডিং প্লেট ঝুলছে।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যান রাত তিনটায় ফোন দিয়েছেন। সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে ঘর তোলার কাজ বন্ধ করে। পরে লিখিত অভিযোগ দিতে বলেছি, কিন্তু দেয়নি। এখন নুরে আলম পাকা ভবন নির্মাণ করছেন কি না, আমার জানা নেই।’