যুবলীগের কেন্দ্রীয় নেতা আতিয়ার বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৌশলে একের পর এক কৃষিজমি দখলের অভিযোগে যুবলীগের কেন্দ্রীয় নেতা আতিয়ার রহমান ওরফে দীপুকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি সংগঠনটির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ​ছিলেন। 

আতিয়ারকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। তিনি বলেন, কিছুক্ষণের মধ্যেই এ–সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হবে।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ফসলি জমিতে শিল্পপার্ক করছেন আতিয়ার রহমান। এ জন্য তিনি কৌশলে একের পর এক কৃষিজমি দখল করছেন বলে অভিযোগ উঠেছে। আর জমি ভরাটের জন্য অপরিকল্পিতভাবে বালু ও মাটি তোলায় বিস্তীর্ণ এলাকায় ভাঙন শুরু হয়েছে। উচ্ছেদ আতঙ্কে রয়েছে প্রায় ৩০০ দরিদ্র পরিবার।

আতিয়ারের বাড়ি মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের লখণ্ডা গ্রামে। উপজেলার জলিরপাড় ইউনিয়নের তালবাড়ি গ্রামের কাছে কালাবাড়ি বিলের উর্বর কৃষিজমিতে ‘ছাছকো গ্রুপ’ নামে শিল্পপার্ক স্থাপন করছেন তিনি।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, আতিয়ার প্রায় নয় মাস আগে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কসংলগ্ন তালবাড়ি গ্রামের মাঠে প্রথমে ১০৪ শতক জমি কেনেন। সেই জমি ভরাট করতে পাশের বিলরুট ক্যানেলে (মধুমতী ও আড়িয়াল খাঁর সংযোগ নদী) খননযন্ত্র বসিয়ে বালু তোলা শুরু করেন। পাইপে করে সেই বালু অন্যের জমির ওপর দিয়ে নেওয়ায় বালুর স্তর জমে সেসব জমিও চাষাবাদের অনুপযোগী হয়ে যাচ্ছে। এ কারণে জমির মালিকেরা আতিয়ারের কাছে কম দামে জমি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। তিনি এ পর্যন্ত সেখানে প্রায় ৩১ একর জমি কিনেছেন বলে তাঁর প্রতিষ্ঠানের কর্মী বিপুল মণ্ডল নিশ্চিত করেন।

এলাকার ১৪৮ জন বাসিন্দা গত ৭ এপ্রিল এ বিষয়ে গোপালগঞ্জের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। এতে আতিয়ারকে ‘ভূমিদস্যু আখ্যায়িত করে ধানি জমি জবরদখল বন্ধের দাবি জানানো হয়। স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, আতিয়ারের কেনা জমির চারপাশে যেসব জমি মালিকেরা বিক্রি করতে রাজি হননি, সেসব জমিতেও তিনি বালু ফেলে ভরাট করেছেন। জমির মালিকেরা হিন্দু ও খ্রিষ্টান সম্প্রদায়ের হওয়ায় তাঁদের অনুরোধের তোয়াক্কা করেন না আতিয়ার। কিছু বলতে গেলে উল্টো তিনি তাঁদের গালিগালাজ করেন ও জমি বিক্রির জন্য চাপ দেন।