লক্ষ্মীপুর শহরের পুরাতন শহীদ মিনার এলাকায় গতকাল শুক্রবার পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের সময় যুবলীগের নেতা মো. শাহজাহান গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ শাহজাহানসহ তাঁর দুই সহযোগীকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে।
একই দিনে লক্ষ্মীপুর সদর উপজেলার মিছাহাট খোলা এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ের পর পুলিশ অপহৃত কলেজছাত্রকে উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী জানান, বাংগাখাঁ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শাহজাহান গতকাল বিকেলে তাঁর বাহিনী নিয়ে পুরাতন শহীদ মিনার এলাকায় মদের আসর বসান। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করতে গেলে সন্ত্রাসীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। একপর্যায়ে শাহজাহান গুলিবিদ্ধ হন। এ সময় তাঁকে এবং তাঁর সহযোগী আলতাফ হোসেন ও জামাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। পরে শাহজাহানকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করায় পুলিশ।
অন্যদিকে হাজিরপাড়া এলাকা থেকে কলেজছাত্র সজীব হোসেনকে শুক্রবার বিকেলে অস্ত্রের মুখে অপহরণ করে স্থানীয় জেহাদ বাহিনীর সন্ত্রাসীরা। তারা সজীবের পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অভিযোগ পেয়ে দত্তপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সজীবকে উদ্ধারের জন্য মিছারহাট খোলা এলাকার হাটপুকুর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা সজীবকে রেখে পালিয়ে যায়। পরে হাত-পা বাঁধা অবস্থায় সজীবকে উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির দুটি ঘটনা ঘটেছে। আত্মরক্ষার জন্য পুলিশ বেশ কয়েকটি গুলি ছোড়ে। পুলিশ সুপার জানান, গুলিবিদ্ধ শাহজাহানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ ডজন খানেক মামলা রয়েছে।