যুবলীগের গোলাগুলিতে গুলিবিদ্ধ ২
পাবনার ঈশ্বরদীতে যুবলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরও দুজন। শহরের আমবাগানে একটি ক্লাবের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুই যুবলীগ কর্মীকে ওই রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন আমবাগান এলাকার আফছার আলীর ছেলে শামীম হোসেন (৩৬) ও হাবিবুর রহমানের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে সুমন (৩৫)। ঈশ্বরদী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাম প্রকাশ না করার অনুরোধে জানান, শামীমের নাভির নিচে ও সুমনের ডান হাতে গুলি লেগেছে। ধারালো অস্ত্রের আঘাতে আহত মুসলেম উদ্দিনের ছেলে ফিরোজ হোসেন (৩৫) ও ইউসুফ শেখের ছেলে নয়ন শেখকে (৩৬) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমবাগান পুলিশ ফাঁড়ির পেছনে অবস্থিত ‘টাইগার ক্লাবের’ নিয়ন্ত্রণ নিয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব সরকারের সমর্থকদের সঙ্গে ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি শফিকুল ইসলাম ও পৌর ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন ওরফে সোহাগের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। টাইগার ক্লাবটি দীর্ঘদিন থেকে শফিকুল ও সোহাগের নিয়ন্ত্রণে ছিল। রাজীবের সমর্থকদের অভিযোগ, রাতে ওই ক্লাবে শফিকুল ও সোহাগের সমর্থকেরা ‘বাজে’ আড্ডা দিত। এরই মধ্যে গত ১৪ জানুয়ারি উপজেলা ও পৌর ছাত্রলীগের সম্মেলন স্থগিত হয়ে যায়। সম্মেলন স্থগিত হওয়ায় পরদিন রাতে সোহাগের সমর্থকেরা ওই ক্লাবে পিকনিকের আয়োজন করে। ওই পিকনিক করা নিয়ে বিরোধ আরও জোরালো হয়।
জানা গেছে, গতকাল রাতে রাজীব সরকারের সমর্থকেরা আমবাগানে একটি এলাকায় খাওয়ার আয়োজন করে। এর কিছু দূরেই টাইগার ক্লাবে সোহাগ ও শফিকুলের সমর্থকেরা বসে আড্ডা দিচ্ছিলেন এবং রাজীবের সমর্থকদের বিপক্ষে কথাবার্তা বলছিলেন। এমন খবর শুনে রাজীবের সমর্থকেরা ওই ক্লাবের নিয়ন্ত্রণ নিতে সেখানে যায়। এর কিছুক্ষণ পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। কয়েক দফায় সংঘর্ষ এবং গুলিবর্ষণের শব্দ পাওয়া যায়। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রাত ১টা পর্যন্ত আমবাগান ও আশপাশের এলাকায় মারামারি ও ৩০-৩৫টি গুলির শব্দ শুনতে পান তাঁরা। গভীর রাতে গুলির শব্দে তাঁরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন।
আমবাগান শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (টিএসআই) মতিয়ার রহমান জানান, রাজীব সরকারের সমর্থকদের সঙ্গে শফিকুল ও সোহাগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির খবর পেয়ে ওই রাতেই ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় কাউকে পাওয়া যায়নি।
ওয়ার্ড যুবলীগের সহসভাপতি শফিকুল ইসলামের অভিযোগ, ওই রাতে তিনি টাইগার ক্লাবে ছিলেন না। তাঁর সমর্থিত কর্মীরা সেখানে ছিলেন। হঠাৎ রাজীবের সমর্থকেরা ক্লাবের ভেতরে হামলা চালান ও টেলিভিশন ভেঙে ফেলেন। ভয়ে তাঁর সমর্থকেরা সেখান থেকে পালিয়ে যান। তিনি বাড়ি থেকে রাত ১টা পর্যন্ত গোলাগুলির শব্দ শুনতে পান। ওই রাতে রাজীবের সমর্থকেরা তাঁর বাড়িসহ পাশের দুটি বাড়ির প্রধান ফটকে লাঠিসোঁটা দিয়ে আঘাত করে ও তাঁকে গালাগালি করে চলে যান।
পৌর ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন সোহাগ জানান, এ হামলার ঘটনায় তাঁর সমর্থকদের পক্ষ থেকে আইনের আশ্রয় নেবেন।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। উপজেলা যুবলীগের সভাপতি তমাল শরীফকে ফোন করলেও তিনি ফোন ধরেননি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।