যুবলীগের চার কর্মী গ্রেপ্তার, গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পে বালু ভরাটের কাজ ও আইনশৃঙ্খলা রক্ষায় বাধা দেওয়ারœ অভিযোগে যুবলীগের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঈশ্বরদী ও পাকশী থেকে গতকাল রোববার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

রূপপুর পারমাণবিক প্রকল্পে নতুন অধিগ্রহণ করা জায়গায় বালু ভরাটের কাজ গত বুধবার যুবলীগের হুমকিতে বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (টিসিইএল) পুলিশের কাছে অভিযোগ করে। ঘটনার পর থেকে গতকাল রোববার পর্যন্ত রূপপুর প্রকল্পে বালু ভরাটের কাজ বন্ধ ছিল।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক প্রথম আলোকে বলেন, জেলা পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবিরের নির্দেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান গত শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে। অভিযানে পাকশীর ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাসের বাড়িতে তাঁর ছেলে রকি বিশ্বাসের হেফাজতে থাকা পিস্তলের ৩০টি ও বন্দুকের ৫টি গুলি উদ্ধার করা হয়। রকি ছাড়া আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই যুবলীগের সঙ্গে সংশ্লিষ্ট। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লবের ছোট তিন ভাই ফারুক হোসেন, আনোয়ার হোসেন ও মিজানুর রহমান। ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে গতকাল বিকেলেই ছেড়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তার চারজনকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

ছেলের গ্রেপ্তার বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান এনামুল হক কোনো মন্তব্য করতে রাজি হননি। ঈশ্বরদী থানার ওসি আবদুল হাই তালুকদার বলেন, আসামিদের আদালতে পাঠানো হবে।

প্রকল্পের অগ্রগতি দেখতে রূপপুরে দুই মন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি দেখেত বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড. ইয়াফেস ওসমান ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল গতকাল বিকেলে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন।

এ সময় বালু ভরাটের কাজে বাধা দেওয়ার বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী মোস্তফা কামাল বলেন, দেশে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে স্থানীয় রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সঙ্গে কিছু না কিছু ঘটনা ঘটে। এ প্রকল্পেও স্থানীয়দের সঙ্গে এ ধরনের ‘সামান্য ঘটনা’ ঘটেছে। লুকানোর কিছু নেই।

এ বিষয়ে মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, এরই মধ্যে এ ঘটনার সমাধান হয়েছে। এ প্রকল্পের জন্য আগামী জুন মাসের মধ্যে ‘ইনফরমেশন সেন্টার’ স্থাপনের কাজ শুরু হবে।

প্রকল্প এলাকা ঘুরে দেখার পর দুই মন্ত্রী সেখানে পরমাণু শক্তি কমিশন, স্থানীয় প্রশাসন ও রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জুরুল হক, পাবনার জেলা প্রশাসক রেখা রাণী বালো, পুলিশ সুপার জিহাদুল কবির, রূপপুর প্রকল্পের পরিচালক শৌকত আকবর প্রমুখ।