যুবলীগের তিনজনকে মামলা থেকে বাদ দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের বিরুলিয়ার বোমকায় গত বৃহস্পতিবার রাতে যুবলীগের স্থানীয় নেতা-কর্মীসহ পাঁচজনের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পুলিশ এ ঘটনায় যুবলীগের কর্মী তানভীর মণ্ডলকে গ্রেপ্তার করেছে। তানভীর বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের কর্মী বলে জানা গেছে।

ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। তার স্বজনেরা অভিযোগ করেন, বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করা হলে তিনজনকে বাদ দিয়ে মামলা নিয়েছে সাভার থানার পুলিশ।

ওই কিশোরী সাংবাদিকদের জানায়, বৃহস্পতিবার বিকেলে এক বন্ধুর সঙ্গে সে বিরুলিয়ার বোমকা এলাকায় ঘুরতে যায়। এ সময় তানভীরসহ যুবলীগের স্থানীয় দুই কর্মী তার বন্ধুকে মারধর করে তাকে (কিশোরী) চোখ বেঁধে পাশের জঙ্গলে নিয়ে যান। একপর্যায়ে পাঁচ যুবক তাকে ধর্ষণ করেন। এ সময় ধর্ষণকারীদের মুখে যুবলীগের স্থানীয় পাঁচজন নেতা-কর্মীর নাম শুনতে পায় সে (কিশোরী)।

কিশোরীর বাবা অটোরিকশাচালক। তিনি ধর্ষণকারীদের কঠোর শাস্তি দাবি করেছেন। বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

গতকাল সোমবার রাতে যোগাযোগ করা হলে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সওগাত হোসেন প্রথম আলোক বলেন, ধর্ষণের শিকার কিশোরী যাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে তাঁদের নামেই মামলা রেকর্ড করা হয়েছে। ইতিমধ্যে এজাহারভুক্ত তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারভুক্ত পারভেজ ও অজ্ঞাতপরিচয় আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।