নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের বামনী বাজারে যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে কমপক্ষে আটজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় দুজনকে আটক করা হয়। তাঁরা হলেন মো. ইমরান ও জাবেদ হোসেন।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাঁরা হলেন রামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি হেদায়েত হোসেন ওরফে ফরহাদ (৪০), যুবলীগের কর্মী ইমরান হোসেন (২৬), ইমাম উদ্দিন (৩৩), নূর হোসেন (৩২) ও নিজাম উদ্দিন (২৫)। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, যুবলীগের নেতা হেদায়েত হোসেনের সঙ্গে একই এলাকার যুবলীগের কর্মী আলমগীর হোসেনের কিছুদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাত নয়টার দিকে দুই পক্ষের সমর্থকেরা বামনী বাজারে উঠলে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের বিষয়ে যুবলীগের সাবেক নেতা হেদায়েত হোসেন ও কর্মী আলমগীরের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান প্রথম আলোকে বলেন, ‘খামাখা মারামারি করেছে। দুই পক্ষের বিরোধ পারিবারিক। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়, দুই পক্ষের স্থানীয় বিরোধ।