যুবলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ বাজারের নিয়ন্ত্রণ নিয়ে শুক্রবার রাতে যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত নয়জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে চাকধ বাজারের নিয়ন্ত্রণ নিয়ে উপজেলা যুবলীগের সদস্য আকতার ব্যাপারী এবং ভূমখারা ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সদস্য বাবু শেখের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় শটগানের গুলিতে আহত হন সাতজন।
এ ছাড়া ইটের আঘাতে আহত হন নড়িয়া থানার উপপরিদর্শক সেলিম আহম্মেদ ও কনস্টেবল আনোয়ার হোসেন। সন্ধ্যা সাতটা থেকে প্রায় এক ঘণ্টা এ সংঘর্ষ চলে। এ সময় আতঙ্কে চাকধ বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সড়কের যান চলাচলও বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।
গুলিতে আহত ব্যক্তিদের মধ্যে অলী উল্লাহ মিরাজ ও রাজু ব্যাপারীকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সুমন সরদার, আসলাম আকন, রফিক মল্লিক, ইন্দ্রজিৎ মণ্ডল ও ইমন খানকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভূমখারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল মৃধা বলেন, দীর্ঘদিন ধরে আকতার ব্যাপারীর সঙ্গে বাবু শেখের দ্বন্দ্ব চলছিল। শুক্রবার সন্ধ্যায় সংর্ঘষ চলাকালে আকতার ব্যাপারী তাঁর লোকজন নিয়ে নির্বিচারে গুলি চালান।
ইউপি সদস্য বাবু শেখ বলেন, ‘আকতার ব্যাপারীর লোকজন আমার সমর্থকদের ওপর গুলি করেছে। আমরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
আকতার ব্যাপারী বলেন, ‘সংঘর্ষে আমি নিজেও আহত হয়েছি। এ সময় কে বা কারা গুলি করেছে, তা আমার জানা নেই। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়েছে।’
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম বলেন, স্থানীয় যুবলীগ নেতাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনটি শটগানের ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। এ ঘটনায় উভয় পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।