যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের জামসিং মহল্লায় গতকাল রোববার বিকেলে যুবলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১১ জন। অভ্যন্তরীণ কোন্দলের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন মিনহাজ উদ্দিন, তাঁর স্ত্রী নার্গিস আক্তার, ছেলে অন্তর এবং মাসুম, আফাজ, রাজীব, মাসুদ, শরীফুল, ফারুক, এবারদ ও রাজু। তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর পুলিশ শহীদুল ইসলাম, নজরুল ইসলাম (যুবলীগের যুগ্ম আহ্বায়ক নন), মিজানুর রহমান ও শহীন আলম নামের চারজনকে আটক করেছে।
সাভার মডেল থানার পুলিশ, স্থানীয় লোকজনসহ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাভার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম একটি ক্লাবের উদ্বোধন করতে তাঁর সমর্থক নেতা-কর্মীদের নিয়ে গতকাল বিকেলে পৌর এলাকার জামসিং মহল্লায় যান। সেখান থেকে ফেরার পথে স্থানীয় কাউন্সিলর ও আওয়ামী যুব ব্রিগেড পৌর শাখার আহ্বায়ক মিনহাজ উদ্দিন মোল্লার কার্যালয়ের সামনে পৌঁছালে নজরুল ও তাঁর লোকজন বাধাগ্রস্ত হন। মিনহাজসহ যুবলীগের অপর একটি অংশের নেতা-কর্মীরা নজরুলকে লাঞ্ছিত করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষই লাঠি ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। একপর্যায়ে গুলি ছুড়তে ছুড়তে নজরুল তাঁর লোকজন নিয়ে এলাকা থেকে চলে যান।
দলের একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন উন্নয়নমূলক কাজের টেন্ডার ও হাটবাজারের ইজারা নিয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক সেলিম মণ্ডল ও যুগ্ম আহ্বায়ক নজরুলের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের জের ধরেই গতকাল সংঘর্ষের ঘটনা ঘটে।
মিনহাজ উদ্দিন মোল্লা একসময় উপজেলা যুবদলের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে। ওই সব মামলা থেকে অব্যাহতি পেতে সাংসদ এনামুর রহমানের হাত ধরে তিনি সম্প্রতি আওয়ামী লীগে যোগ দেন।
যোগাযোগ করা হলে নজরুল ইসলাম বলেন, ‘সাংসদ এনামের নির্দেশে মিনহাজ উদ্দিন তাঁর লোকজন নিয়ে আমার ওপর হামলা চালায়। আমাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়।’ সাংসদ এনামুর রহমান বলেন, সশস্ত্র অবস্থায় নজরুল মাইক্রোবাস ও ৩০টি মোটরসাইকেলে করে লোকজন নিয়ে মিনহাজ উদ্দিনকে গালিগালাজ করে চলে যান। কিছুক্ষণ পরে আবার তিনি গুলি করতে করতে সেখান দিয়ে চলে যান। এতে গুলিবিদ্ধ হয়ে মিনহাজসহ ১৫ থেকে ২০ জন আহত হন।