সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ডে যুবলীগের দুই পক্ষের মধ্যে গতকাল মঙ্গলবার দুপুরে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পথচারী শিশুসহ উভয় পক্ষের ১২ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ১০টি গুলি ছোড়ে।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশিকুল হক ও সাবেক প্রচার সম্পাদক রাজীব শেখের পক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের কারণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। আশিকুলের পক্ষ দাবি করেছে, একটি মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদের জের ধরে এ ঘটনা ঘটেছে। অন্যদিকে রাজীবের পক্ষ বলেছে, আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় এ সংঘর্ষ ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আশিকুল ও রাজীবের সমর্থকদের মধ্যে দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। উভয় পক্ষই পৌর শহরে মহড়া দেয়। এ ঘটনার জের ধরে গতকাল দুপুরে বিসিক বাসস্ট্যান্ড এলাকায় উভয় পক্ষ রামদা, হকিস্টিক, ছুরি, ইটপাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। ৩০ মিনিটব্যাপী সংঘর্ষে বিসিক বাসস্ট্যান্ড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে অজ্ঞাত এক শিশু, দলীয় কর্মী মিশন শেখ, নাঈম মিয়াসহ ১২ জন আহত হন। এ সময় আতঙ্কে দোকানপাট ও বগুড়া-নগরবাড়ী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শটগানের ১০টি গুলি ছুড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর থেকে পৌর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আশিকুল হক বলেন, ‘গত সোমবার রাজীবের ভাগনে সৌরভ হোসেন এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ওই ছাত্রীর স্বজনেরা তাকে কান ধরে ওঠবস করায়। এতে রাজীব ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় যুবলীগের একটি অংশ আমার লোকজন ও সুইট ড্রিম হোটেলে অতর্কিতে হামলা চালিয়ে সাতজনকে গুরুতর জখম করেছে।’
রাজীব শেখ বলেন, ‘আশিকুলের নিয়ন্ত্রণাধীন বিসিক এলাকায় হোটেল সুইট ড্রিমে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ড চলে আসছে। এর প্রতিবাদ করায় আশিকুল তার লোকজন নিয়ে আমার কয়েকজন সমর্থককে মারধর করে। এর জের ধরে সংঘর্ষ হয়েছে। এতে আমার চারজন লোক আহত হয়েছেন।’
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১০টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আবারও যাতে সংঘর্ষ না ঘটে সে জন্য বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।