যুবলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলা যুবলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংঘর্ষ হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুঠোফোনে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কয়েকজন সঙ্গী-সাথি নিয়ে উপজেলা পরিষদ চত্বরে আড্ডা দিচ্ছিলেন। এ সময় উপজেলা যুবলীগ থেকে বহিষ্কার হওয়া সাংগঠনিক সম্পাদক শফিউজ্জামান রাব্বি ও দপ্তর সম্পাদক শরিফ হোসেন ১০ থেকে ১৫ জন সন্ত্রাসীকে নিয়ে এসে অতর্কিতে তাঁদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। এতে আমিনুলসহ উপজেলা যুবলীগের বর্তমান কমিটির সদস্য রবিউল ইসলাম ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির হোসেন মারাত্মক আহত হন।
উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রাফিউল ইসলাম বলেন, সন্ত্রাসীরা চলে গেলে আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি আরও বলেন, শফিউজ্জামান রাব্বি একাধিক মামলার আসামি। দল থেকে বহিষ্কার করায় তিনি এখন ক্ষুব্ধ হয়ে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
কথা বলার জন্য শফিউজ্জামান রাব্বির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
আত্রাই থানার ওসি বদরুদ্দোজা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।