যুবলীগের দুপক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালুতে পৌর যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা, কাহালু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে পৌর যুবলীগ নেতাকে চাকুসহ আটক করলে তাঁর সমর্থকেরা কাহালু সদরের সব কটি রাস্তা অবরুদ্ধ করে যান চলাচল বন্ধ করে দেন। গতকাল বুধবার দুপুরে কাহালু সদরের চারমাথায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলা যুবলীগের সভাপতি ও কাহালু সদর ইউপি চেয়ারম্যান পি এম বেলাল হোসেন, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হাকিম, যুবলীগের সদস্য আবদুল মোমিন। আহত তিনজনই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন দুপুরে উপজেলা সদরের চারমাথায় যুবলীগের আবদুল হাকিমসহ তিন-চারজনের সঙ্গে পৌর যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবু বক্কর ছিদ্দিকের বাগ্বিতণ্ডা হয়। এ সময় আবু বক্করের অনুসারীরা আবদুল হাকিম ও আবদুল মোমিনকে ছুরিকাঘাত করেন। স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত হাকিম ও মোমিনকে উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর হাকিমের অনুসারীরা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে প্রতিপক্ষরা আবারও তাঁদের ওপর হামলা চালান। এতে ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন গুরুতর আহত হন। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আবু বক্করকে ছুরিসহ আটক করে। তাঁকে আটকের ঘটনায় এ নেতার পক্ষের নেতা-কর্মীরা উপজেলা সদরের সব কটি রাস্তা বন্ধ করে দেন। ঘণ্টা দুয়েক পর পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
নাম প্রকাশ না করার শর্তে যুবলীগের কয়েকজন বলেন, উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বেলাল হোসেনের সঙ্গে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজের দ্বন্দ্বের জের ধরে এ সংঘর্ষ হয়।
কাহালু পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় দেওয়ার পর থেকে মুঠোফোনটি ধরেননি।