যুবলীগের নেতা পরিচয়ে চাঁদাবাজি, এক ব্যক্তি গ্রেপ্তার
রংপুরে যুবলীগের নেতা পরিচয়ে চাঁদাবাজি করার সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রংপুর নগরের আর কে রোডে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম সাইদুল ইসলাম ওরফে সোহেল (৩২)। তাঁর বাড়ি মুন্সিগঞ্জে। তিনি রংপুরের কামারপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে থাকেন। এ ঘটনায় থানায় চাঁদাবাজির মামলা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, গতকাল সাইদুল আর কে রোড এলাকায় ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ নামে একটি বেসরকারি সংস্থায় গিয়ে নিজেকে রংপুর যুবলীগের সভাপতি পরিচয় দিয়ে তাঁদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। সাইদুল ওই সংস্থার লোকজনকে জানান, তাঁদের নেতা-কর্মীরা ঢাকায় যাবেন, এ জন্য তিনটি শীতাতপনিয়ন্ত্রিত বাস লাগবে। সে কারণে ওই টাকা দিতে হবে। বিষয়টি সন্দেহ হলে সংস্থার লোকজন এলাকাবাসীর সহায়তার সাইদুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
রংপুর মহানগর যুবলীগের আহ্বায়ক এ বি এম সিরাজুম মুনির বলেন, সাইদুল ইসলাম নামে কেউ তাঁদের কমিটিতে নেই। যাঁরা যুবলীগের নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন, তাঁদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান তিনি।