ঢাকার সাভারের ছোট কালিয়াকৈর গ্রাম থেকে সাতটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় সাভার মডেল থানায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছিল যুবলীগের নেতাসহ সাতজনকে। সেই মামলায় যুবলীগের নেতাসহ তিনজনকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) পক্ষ থেকে মামলাটি করা হয়েছিল। মামলার বিবরণে বলা হয়, গত ১৫ জুন সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর গ্রামে অভিযান চালিয়ে পাঁচটি পিস্তল, একটি শটগান, একটি বন্দুক, ছয়টি ম্যাগাজিন, ৫১টি গুলি, ২০টি কার্তুজসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করে র্যাব। সে সময় ওই গ্রামেরই আবদুস সাত্তার, আবদুল হামিদ, একলাছ ও আবু তাহের নামের চারজনকে গ্রেপ্তার করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, উদ্ধার করা অস্ত্রগুলো সাভার থানা যুবলীগের আহ্বায়ক সেলিম মণ্ডল এবং তাঁর সহযোগী মনসুর, হুমায়ুনসহ গ্রেপ্তার অন্য আসামিদের। তাঁরা পরস্পরের যোগসাজশে এসব অস্ত্র দিয়ে দীর্ঘদিন ধরে সাভার ও আশুলিয়ায় জমি দখল, চাঁদাবাজি, ছিনতাই ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করছিলেন। পাশাপাশি অস্ত্র ভাড়া দেওয়ার ব্যবসা করছিলেন।
সাভার মডেল থানার পুলিশ জানায়, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় র্যাবের এসআই বশির আহমেদ বাদী হয়ে ১৬ জুন সাভার মডেল থানায় মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় থানার এসআই মাজাহারুল ইসলামকে। তিনি ৯ জুলাই ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে এসআই মাজাহারুল উল্লেখ করেন, তদন্ত ও সাক্ষ্যপ্রমাণে আবদুস সাত্তার, আবদুল হামিদ, একলাছ ও আবু তাহেরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে সেলিম মণ্ডল, মনসুর ও হুমায়ুনের বিরুদ্ধে কোনো প্রমাণ বা সাক্ষী পাওয়া যায়নি।
এসআই মাজাহারুল বলেন, সেলিম মণ্ডল, মনসুর ও হুমায়ুনের হেফাজত থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। এ ছাড়া সাক্ষ্যপ্রমাণেও তাঁদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে অভিযোগপত্র থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতের কাছে অনুরোধ জানানো হয়েছে। মাত্র ২৩ দিনে আদালতে অভিযোগপত্র দাখিলের বিষয়ে তিনি বলেন, অভিযোগের সত্যতা প্রমাণে যত দিন লেগেছে তত দিনই তদন্ত করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো অনিয়ম করা হয়নি।
র্যাব-১-এর উপ-অধিনায়ক লে. কমান্ডার কাজী মো. শোয়াইব বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। পুনরায় তদন্তের জন্য আইনিপ্রক্রিয়ার মাধ্যমে মামলাটি র্যাবের হাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’