যুবলীগের নেতার বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজীতে গত শুক্রবার রাতে উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম রাব্বানীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা অন্তত দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত শুক্রবার রাতে ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামের গোলাম রাব্বানীর বাড়িতে ১৫-১৬ জনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতদের কয়েকজন ছিল মুখোশধারী। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে গোলাম রাব্বানীসহ সবাইকে হাত-পা বেঁধে একটি কক্ষে আটক করে রাখে। পরে তারা আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
গৃহকর্তা গোলাম রাব্বানী দাবি করেন ডাকাতেরা তাঁর বাড়ি থেকে ৩২ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার, পাঁচটি মুঠোফোনসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। গতকাল শনিবার সকালে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ দৌলতপুর গ্রামে যুবলীগ নেতার বাড়িতে ডাকাতির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল বিকেল পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ করা হয়নি।