যুবলীগের নেতার বিরুদ্ধে গাছ চুরির অভিযোগ
ফরিদপুরের নগরকান্দা উপজেলা যুবলীগের সাবেক সভাপতির বিরুদ্ধে গত রোববার আইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি মেহগনিগাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরদিন সোমবার চাপের মুখে তিনি গাছের মূল অংশসহ কাটা ১৫টি অংশ ফেরত দেন।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনিন্দ্রনাথ বিশ্বাস বলেন, বিদ্যালয়ের শিক্ষকেরা রোববার প্রশিক্ষণের জন্য বাঘুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। এ কারণে স্কুল বন্ধ ছিল। এ সুযোগে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও জুঙ্গুরদী গ্রামের দেলোয়ার হোসেন ফকির কাউকে না জানিয়ে বিদ্যালয়ের বিশাল একটি মেহগনিগাছ কেটে নিয়ে যান। বিষয়টি তাৎক্ষণিকভাবে ইউএনও ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়। তাঁরা গাছ ফেরত দেওয়ার জন্য দেলোয়ার হোসেন ফকিরকে চাপ দেন।
যুবলীগের নেতা দেলোয়ার হোসেন ফকির বলেন, ‘আমি বিদ্যালয়টির একটি ভবন নির্মাণের কাজ করছি। নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। মেহগনিগাছটির কারণে নির্মাণকাজ শেষ করা যাচ্ছিল না। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে।’ তবে তাঁর লোকজন গাছ কেটেছেন স্বীকার করে দেলোয়ার হোসেন বলেন, ‘গাছ স্কুল ক্যাম্পাসেই ছিল। আমি নিয়ে যাইনি।’