যুবলীগের নেতার হামলায় নিয়োগ পরীক্ষা ভন্ডুল
খুলনার কয়রা উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ এনে যুবলীগের এক নেতা হামলা চালিয়ে পরীক্ষা বন্ধ করে দিয়েছেন।
গতকাল বুধবার বেলা একটার দিকে পরীক্ষা চলাবস্থায় হামলাকারীরা পরীক্ষার কক্ষে ঢুকে পরীক্ষার্থীদের মারধর করে খাতা ছিঁড়ে ফেলেন। ভাঙচুর করেন আসবাব।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে পরীক্ষায় ১৩ জন অংশ নেন। এর মধ্যে উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুস্তাফিজুর রহমান ও তাঁর স্ত্রী মুক্তা নাহার অংশ নেন। কিন্তু প্রশ্ন তাঁদের অনুকূলে না হওয়ায় পরীক্ষার ১৫ মিনিট পরে মুস্তাফিজুর পরীক্ষার হল ছেড়ে বেরিয়ে এসে প্রশ্ন ভালো হয়নি বলে নিয়োগ কমিটির কাছে অভিযোগ করেন এবং পরীক্ষা বর্জন করেন। সেই সঙ্গে তাঁর স্ত্রী ও মুস্তাফিজুর নামের আরেক পরীক্ষার্থী পরীক্ষা বর্জন করেন। তখন বাকি ১০ জন শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা বর্জনের আধা ঘণ্টা পরে মুস্তাফিজুর, তাঁর ভাই, ভাতিজাসহ ৩৫-৪০ জন লোক নিয়ে বিদ্যালয়ে ঢুকে পরীক্ষার্থীদের প্রশ্ন ও খাতা নিয়ে কিছু ছিঁড়ে ফেলেন। বাকিগুলো নিয়ে চলে যান।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঢালী আমিরুল ইসলাম অভিযোগ করেন, ‘মুস্তাফিজুর আমাদের বলে, ‘‘প্রশ্ন ভালো হয়নি। আমি পরীক্ষা বর্জন করছি।’’ সে, তার স্ত্রী ও আর একজন পরীক্ষার্থী পরীক্ষা বর্জন করে বেরিয়ে যায়। পরে মুস্তাফিজুর তার আত্মীয়স্বজন নিয়ে হামলা চালিয়ে খাতাপত্র কিছু নিয়ে যায় আর কিছু ছিঁড়ে ফেলে। যখন হামলা হচ্ছিল তখন মুস্তাফিজুর স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে ছিল।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অবনী মণ্ডল বলেন, পরীক্ষা ভন্ডুল করার ঘটনায় কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আপাতত নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মুস্তাফিজুর রহমান বলেন, ‘পরীক্ষা নিয়োগ কমিটি আগে থেকেই আর্থিক সুবিধার মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করে লোক দেখানো নিয়োগ পরীক্ষার আয়োজন করে। পরীক্ষা শুরু থেকে চূড়ান্ত প্রার্থী একাই শুধু লিখে যাচ্ছিল। তখন আমরা ভাবলাম এই পরীক্ষা দিয়ে কী হবে। তখন আমরা বেরিয়ে যাই। স্কুল থেকে বেরিয়ে স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে যাই। পরে স্থানীয় লোকজন কমিটির এই দুর্নীতির বিষয়টি জানতে পেরে হামলা করে পরীক্ষা বন্ধ করে দিয়েছে।’
কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী বলেন, নিয়োগ পরীক্ষায় হামলার ঘটনা দুঃখজনক। এ বিষয়ে কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, একটি জিডি হয়েছে। মামলা হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।