যুবলীগের নেতাসহ দুজনকে কুপিয়ে জখম
বরিশালের গৌরনদী উপজেলায় যুবলীগের এক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত রোববার ওই ঘটনা ঘটে। পুলিশ গতকাল সোমবার দুজনকে গ্রেপ্তার করেছে।
আহত ব্যক্তিরা হলেন যুবলীগের উপজেলা কমিটির সদস্য সলিল গুহ (৩২) ও যুবলীগ কর্মী মাসুদ সরদার (২৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি চায়ের দোকানে সলিল গুহ ও মাসুদ সরদার চা পান করছিলেন।
এ সময় দুর্বৃত্তরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা সলিল গুহকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাঁকে রক্ষায় মাসুদ সরদার এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে। এরপর প্রথমে তাঁদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাসুদ সরদার অভিযোগ করেন, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ উপজেলা যুবলীগের কর্মী জিয়া হাওলাদারের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। তবে জিয়া হাওলাদার হামলার অভিযোগ অস্বীকার করেন।
গৌরনদী মডেল থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল আশোকাঠি বাসস্ট্যান্ড এলাকা থেকে যুবলীগের কর্মী শিমুল ঘরামি ও রুবেল সরদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।