যুবলীগের নেতাসহ ১৪ জনের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমির মালিকানা নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের শ্রীরামপুর গ্রামে একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার রাতে কমলগঞ্জ থানায় যুবলীমগের এক নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলাটি করেছেন খন্দকার মুমিনুর রহমান। এ মামলার দুই আসামিকে ওই রাতেই গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বাদী শ্রীরামপুর গ্রামের সালেহ আহমেদের স্ত্রী মুজিবুন নেছা ওরফে রুবির ছোট ভাই। গত বৃহস্পতিবার হওয়া একটি মামলায় মুজিবুন নেছাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার তাঁদের ঘরবাড়ি ভাঙচুর করেছে প্রতিপক্ষের লোকজন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার প্রতিপক্ষ মুজিবুন নেছাদের বসতঘরে হামলা ও ভাঙচুর চালায়। শুক্রবার বেলা ১১টায় আবার হামলা চালাতে গেলে প্রতিপক্ষের লোকজন মুজিবুন নেছার পুত্রবধূ সুমেনা, রোজিনা বেগম, মাদ্রাসাছাত্রী তৌফিকা বেগম ও রিফতিকে লাঞ্ছিত করে। এতে ৩ লাখ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
এই ঘটনায় শুক্রবার রাতে খন্দকার রেজাউর রহমান বাদী হয়ে পতনউষার ইউনিয়ন যুবলীগের সভাপতি শামছুর রহমান, জুনেদ আহমদ খান, আবদুল হান্নানসহ ১৪ জনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা করেছেন।
হামলার ব্যাপারে কথা বলার জন্য পতনউষার ইউনিয়ন যুবলীগের সভাপতি শামছুর রহমানের মুঠোফোনে ফোন দিলেও তিনি ফোন ধরেননি।
মামলার তদন্ত কর্মকর্তা বদরুল ইসলাম বলেন, শুক্রবার রাতে শ্রীরামপুর গ্রাম থেকে মামলার দুই আসামি সাইফুল ইসলাম ও মঈনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।