যুবলীগের পাঁচ কর্মী আটক মুচলেকায় মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা রসিদে তিস্তা সড়ক সেতুর টোল আদায়কালে পুলিশ গত বুধবার লালমনিরহাটের গোকুণ্ডা ইউনিয়ন যুবলীগের পাঁচজন কর্মীকে আটক করেছে। তাঁদের মুক্তির দাবিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ স্থানীয় লোকজন দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন।
পরে স্থানীয় সাংসদের ঘনিষ্ঠ কামরুজ্জামান সুজনের জিম্মায় মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। জিম্মানামায় সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল খালেক ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা মিজানুর রহমান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার বিকেল সাড়ে চারটায় তিস্তা টোলঘর এলাকায় অবৈধভাবে হালকা যানবাহন থেকে বিনা রসিদে টোল আদায়কালে লালমনিরহাট সদর থানার পুলিশ যুবলীগের ওই পাঁচ কর্মীকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন গোকুণ্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া গ্রামের মো. রাসেল, মাসুম, শাহ আলম ও শরিফুল ইসলাম এবং সামুটারি গ্রামের জনি।
এ ঘটনার প্রতিবাদে সাংসদের সমর্থক বলে পরিচিত গোকুণ্ডা ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা তিস্তা সড়ক সেতু এলাকায় লালমনিরহাট-রংপুর-ঢাকা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এই অবরোধ চলে। এ সময় অবরোধকারীরা কর্তব্যরত পুলিশের দিকে ইটপাটকেল ছুড়ে মারলে লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি) সামিউল আলম এবং তাঁর গাড়িচালক শহিদুল ইসলাম ও সিপাহি ওবায়দুল ইসলাম আহত হন। অপর দিকে পুলিশের লাঠিপেটায় নমির উদ্দিন নামের এক ব্যক্তিসহ পাঁচ-ছয়জন আহত হন। এ সময় মহাসড়ক অবরোধ হটাতে পুলিশ বুধবার রাত সাড়ে আটটার দিকে শটগানের ৪৭টি গুলি ছুড়লে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে এলাকা ত্যাগ করে। রাত সাড়ে আটটার পর তিস্তা সড়ক সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজুর রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশে আটক যুবলীগের পাঁচ কর্মীর কাছ থেকে মুচলেকা নিয়ে বুধবার রাত ১২টার দিকে ছেড়ে দেওয়া হয়। তাঁদের লালমনিরহাট-৩ (সদর) আসনের সাংসদের প্রতিনিধি কামরুজ্জামান সুজনের জিম্মায় হস্তান্তর করা হয়।
লালমনিরহাট পুলিশ সুপার টি এম মুজাহিদুল ইসলাম বলেন, ‘সাংসদ আবু সালেহ মোহাম্মদ সাঈদ দুলাল মুঠোফোনে আটক ব্যক্তিদের ছেড়ে দিতে বললে পুলিশের ঊর্ধ্বতন মহলের পরামর্শ অনুযায়ী মুচলেকা নিয়ে সদর থানার ওসিকে আটক ব্যক্তিদের ছেড়ে দিতে বলেছি।’
সাংসদ আবু সালেহ মোহাম্মদ সাঈদ বলেন, ‘আটক ব্যক্তিদের ছেড়ে না দিলে এলাকাবাসী মহাসড়কের অবরোধ সরাতে রাজি হচ্ছিল না। তাই আপাতত সমাধান হিসেবে রাসেলসহ অন্যদের ছেড়ে দিতে বলেছি।’