যুবলীগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা এলেই নাটোর এবং আশপাশের জেলার ভ্রমণপিপাসু মানুষের কাছে নাটোরের নলডাঙ্গা উপজেলার ‘হালতিবিল’ একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হয়ে ওঠে। প্রতিদিন শত শত মানুষ এখানে বেড়াতে আসেন। তবে যুবলীগের স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে এসব দর্শনার্থীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
বর্ষায় নাটোরের হালতিবিল এলাকায় অবস্থিত খোলাবাড়িয়া, একডালা, দিঘিরপাড়, বিলহালতি, খাজুরা, চাঁদপুর ও করেরগ্রাম পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। গ্রামগুলো একেকটি দ্বীপে পরিণত হয়। এ সময় বিলের স্বচ্ছ পানিতে ঘণ্টার পর ঘণ্টা নৌকায় ঘুরে বেড়ানো এবং বিল পাড়ের খোলা বাতাসে শ্বাস নিতে প্রতিদিন শত শত মানুষ এখানে ভিড় জমাতে শুরু করেন।
ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম জানান, অন্য সময়ের চেয়ে ঈদের আগে-পরে এখানে ভিড় বেশি হয়। প্রতিদিন গড়ে এখানে ১০ থেকে ২০ হাজার নারী-পুরুষ ও শিশুর আগমন ঘটে। পর্যটকদের আনা-নেওয়া ও নৌকাভ্রমণের জন্য এখানে প্রতিদিন দেড় থেকে দুই হাজার মোটরযান ও শতাধিক নৌকা চলাচল করে। জনপ্রতিনিধি ও প্রশাসনের উদ্যোগে এখানে শৌচাগার ও হোটেল-রেস্তোরাঁ গড়ে উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দর্শনার্থী অভিযোগ করেন, এবার বর্ষা শুরুর পর থেকে পর্যটকেরা স্থানীয় যুবলীগ নেতা-কর্মীদের হাতে নাজেহাল হচ্ছেন। যুবলীগ কর্মীরা পুলিশের সহযোগিতায় পাটুল নৌঘাটের প্রায় এক কিলোমিটার দূরে পাটুল-হাপানিয়া স্কুল মোড় ও আবুলের মোড়ে দর্শনার্থীদের বহনকারী বাস, মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল থামিয়ে চালকদের কাছ থেকে ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছেন। না দিলে চালক ও যাত্রীদের নাজেহাল করছেন।
স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন বলেন, ঈদের তিন দিন আগে থেকে এখানে প্রতিদিন গড়ে দুই হাজার যানবাহন চলাচল করেছে। এতে দুই মোড় থেকে প্রতিদিন চাঁদা আদায় হচ্ছে গড়ে ৬০ হাজার টাকা (গড়ে ৩০ টাকা হারে)। স্থানীয় তিনটি মসজিদ ও দুটি মন্দিরের নামে রসিদ ছাপিয়ে এ চাঁদা আদায় চলছে। তবে এসব মসজিদ, মন্দিরের পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আদায়কারীরা তাঁদের প্রতিদিন মাত্র ৫০ থেকে ১০০ টাকা দিয়ে থাকেন।
গত সোমবার পর্যটক নিয়ে আসা মাহেন্দ্র স্কুটারের চালক খোকন উদ্দিন বলেন, চাঁদা দিতে দেরি হওয়ায় আদায়কারী এক যুবক তাঁকে ঘুষি মেরেছেন। পুলিশের কাছে নালিশ করলে গাড়ি আটকে রাখা হবে বলে ওই যুবকেরা ভয় দেখান।
এ ছাড়া নৌঘাটে চলাচলকারী প্রতিটি নৌকার (আকার ভেদে) চালকদের কাছে ১০০ থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। শুধু তা-ই নয়, আদায়কারী দল নিজেদের প্রায় চার লাখ টাকা খরচ করে তিনটি স্পিডবোট এনেছেন দর্শনার্থীদের ঘোরানোর জন্য। প্রশাসনের অনুমোদন বা লাইসেন্স না নিয়ে ঝুঁকিপূর্ণ এসব যানবাহন চলছে পুলিশের উপস্থিতিতেই। অবশ্য স্পিডবোট চালানো বাবদ নেতা-কর্মীরা ওই এলাকায় দায়িত্ব পালনকারী পুলিশদের প্রতি সন্ধ্যায় নাশতার ব্যবস্থা করছেন বলেও দর্শনার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান বলেন, স্থানীয় মসজিদ-মন্দির ও দুস্থ মেয়েদের বিয়ের খরচ জোগাতে যানবাহনচালকদের কাছ থেকে কিছু চাঁদা নেওয়া হচ্ছে। তবে তিনি দাবি করেন, ‘এসব টাকা আমরা কেউ নেই না। পুলিশকেও দেই না। স্ট্যান্ড স্থাপন করা এবং আর্থিক সহযোগিতা নেওয়ার বিষয়টি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাও জানেন।’ অবৈধভাবে স্পিডবোট চালানোর ব্যাপারে তিনি বলেন, ‘এটা চালাতে কোনো অনুমোদন লাগে বলে আমার জানা নেই। আমরা এর আয় থেকে শুধু দায়িত্বরত পুলিশের দুপুরের খাবারের ব্যবস্থা করে থাকি।’
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তাঁদের উপস্থিতিতে চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কেউ আমাদের কাছে এ ধরনের অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি অবৈধভাবে স্পিডবোট চালাতে সহযোগিতা এবং পুলিশের খাবারের খরচ নেওয়ার অভিযোগও অস্বীকার করেন।