যুবলীগের শোভাযাত্রায় আওয়ামী লীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলায় আওয়ামী লীগের কর্মীরা যুবলীগের মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালিয়ে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, ১৪ সেপ্টেম্বর রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান করতে মঙ্গলবার কেন্দ্রীয় যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতারা ঢাকা থেকে নাটোর হয়ে রাজশাহীতে যাবেন, এমন খবর পেয়ে উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা কেন্দ্রীয় নেতাদের সংবর্ধনা দিতে যাওয়ার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বেলা ১১টার দিকে উপজেলা যুবলীগের কার্যালয় থেকে নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নাটোরের উদ্দেশে রওনা দেন। মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলার রামকৃষ্ণপুরে পৌঁছালে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন এবং পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে তাঁরা সেই পথ থেকে পালিয়ে অন্য পথে নাটোর শহরের কানাইখালীতে জেলা যুবলীগের সভাপতির ব্যক্তিগত কার্যালয়ের সামনে যান। মিজানুর রহমান এ ঘটনার তীব্র নিন্দা জানান।
এ ব্যাপারে লালপুর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এমরান হোসেন বলেন, যুবলীগের শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেনি। নিজেদের মধ্যে ধাক্কা লেগে মোটরসাইকেল পড়ে গিয়ে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে মাত্র।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ বলেন, লালপুরে এমন কোনো ঘটনা ঘটেছে বলে তাঁদের জানা নেই। যদি কিছু ঘটে থাকে তাহলে থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।