যুবলীগের সাবেক নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি শাহ আলমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার উপজেলার লক্ষ্মণপুর বাজার-সংলগ্ন বানঘর এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।
শাহ আলমের (৩৫) বাড়ি ভাউপুর গ্রামের মির্জা বাড়ি এলাকায়। এ ঘটনায় আহত আরেক যুবলীগ কর্মী তানবির আলমকে (২৮) আশঙ্কাজনক অবস্থায় গতকাল বৃহস্পতিবার চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত অন্তত পাঁচজন সদস্য বলেন, গত ১৫ ডিসেম্বর রাতে উপজেলার সরসপুর ইউনিয়নের মির্জা বাড়ি এলাকায় বিজয় দিবসে মাইক বাজানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে বিএনপির কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বুধবার রাতে লক্ষ্মণপুর বাজার থেকে যুবলীগ নেতা শাহ আলম ও কর্মী তানবির আলম মির্জা বাড়িতে ফিরছিলেন। তাঁরা বানঘর এলাকার বাবুল মিয়ার বাড়ির সামনে পৌঁছালে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী তাঁদের ঘেরাও করে এলোপাতাড়ি পেটাতে থাকে। পরে তারা রামদা দিয়ে ওই দুজনকে কোপায়। একপর্যায়ে শাহ আলমের হাত-পায়ের রগ কেটে দিয়ে তারা পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শাহ আলম মারা যান। আর তানবিরকে গুরুতর আহত অবস্থায় গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের সদস্যসচিব দেওয়ান জসিম উদ্দিন অভিযোগ করেন, সরসপুর ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাসেম ওরফে পিচ্চি কাসেম, যুবদল নেতা মানিক মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
অভিযোগ অস্বীকার করে সরসপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মানিক মিয়া বলেন, ‘আমি বা বিএনপি ও যুবদলের কোনো নেতা-কর্মী ওই ঘটনার সঙ্গে জড়িত নয়। কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা জানি না। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে।’