যুবলীগের সাবেক নেতা মাথা ফাটালেন বর্তমান নেতার
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় যুবলীগের সাবেক এক নেতা চেয়ার দিয়ে আঘাত করে বর্তমান কমিটির এক নেতার মাথা ফাটিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পূর্ববিরোধের জের ধরে গতকাল শনিবার উপজেলার বাছিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি হলেন যুবলীগের উপজেলা কমিটির সহসভাপতি বিন্দু পাল (৪৫)। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে বিন্দু পাল, যুবলীগের উপজেলা কমিটির সাবেক সদস্য আবদুল হান্নানসহ আরও তিন-চারজন লোক বাছিরপুর এলাকায় আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুল কাইয়ূমের ওষুধের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হান্নান বর্তমান কমিটিতে তাঁকে না রাখার ব্যাপারে বর্তমান কমিটির নেতাদের সমালোচনা করেন। এ নিয়ে হান্নান ও বিন্দু তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে বিন্দু হান্নানের শার্টের কলার ধরে ধাক্কা মারেন। পরে হান্নান প্লাস্টিকের চেয়ার দিয়ে মেরে বিন্দুর মাথা ফাটিয়ে দেন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সফিকুর রহমান বলেন, বিন্দুর মাথায় চার-পাঁচ ইঞ্চি গভীর ক্ষত হয়ে গেছে। অবস্থার অবনতি ঘটায় বিন্দুকে সিলেটে পাঠিয়ে দেওয়া হয়।
অভিযোগ সম্পর্কে আবদুল হান্নান বলেন, বিন্দু তাঁকে লাঞ্ছিত করায় রাগ সামলাতে পারেননি। এ অবস্থায় অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটে যায়।
উপজেলা যুবলীগের সভাপতি আবদুল খালিক বলেন, ২০০৯ সালে যুবলীগের উপজেলা কমিটির সম্মেলন হয়েছিল। তখন হান্নান পেশাগত কাজে বড়লেখায় থাকতেন। তাই তাঁকে এ কমিটিতে রাখা হয়নি।