লক্ষ্মীপুরে মো. রুবেল হোসেন (২৫) নামে যুবলীগে এক নেতাকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার কক্সবাজারের টেকনাফে খুন হয়েছে কিশোর। তার নাম বোরহান উদ্দিন (১৭)।
লক্ষ্মীপুরে নিহত রুবেল সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। দত্তপাড়া গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে রুবেল স্থানীয় সন্ত্রাসী বাহিনীর প্রধান আজিজ মেম্বারের সহযোগী হিসেবেও পরিচিত।
রুবেলের বড় ভাই বাহার উদ্দিন জানান, সোমবার রাতে মুঠোফোনের মাধ্যমে সন্ত্রাসীরা তাঁর ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে ভোরে দত্তপাড়ার বড়ালিয়া (বরপাড়া) গ্রামের রাস্তার পাশে তাঁর গলা কাটা লাশ পাওয়া যায়।
স্থানীয় একটি সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন জানান, রুবেলের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ থানায় একাধিক মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টেকনাফ থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের শামসুল হুদা ও জামাল উদ্দিন সম্পর্কে বেয়াই। তাঁরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। এ দুজন সিন্ডিকেট করে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি এ ব্যবসার হিসাব নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। গতকাল সকাল নয়টায় দিকে এ নিয়ে স্থানীয় মসজিদের কাছে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। খবর পেয়ে জামাল উদ্দিনের চার ছেলে শাহ নেওয়াজ, শাহ আজম, শাহ জালাল ও বোরহান উদ্দিন ঘটনাস্থলে ছুটে আসেন। তখন শামসুল হুদা তাঁর কোমরে থাকা অস্ত্র দিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি চালান। এতে বোরহান গুলিবিদ্ধ হলে শামসুল হুদা সঙ্গে সঙ্গে পালিয়ে যান। পরে বোরহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক মো. শহীদুল ইসলাম জানান, বোরহানের বুকের বাঁ পাশে গুলি লেগেছে। প্রচুর রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, বোরহানের লাশ কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।