যুবলীগের হামলায় আহত আরেক ভাইয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে যুবলীগ নেতার হামলায় আহত জালাল উদ্দিন (২৮) নামের আরেকজন মারা গেছেন। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এর আগে গত শুক্রবার বিকেলে উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও পূর্বপাড়া গ্রামে যুবলীগ নেতা আক্তারুজ্জামান ওরফে কাজলের নেতৃত্বে হামলায় জালাল উদ্দিনের ছোট ভাই খোরশেদ আলম (২২) নিহত হন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, স্থানীয় চক্রধা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানকে ৯ অক্টোবর গ্রামবাসী অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতে আটক করে লাঞ্ছিত করেন। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ যুবলীগ নেতা তাঁর সমর্থকদের নিয়ে গত কয়েক দিনে একই গ্রামের রমিজ উদ্দিন, জালাল উদ্দিনসহ তিনজনকে মারধর করেন। শুক্রবার দুপুরে যুবলীগ নেতা আক্তারুজ্জামানের নেতৃত্বে তাঁর সমর্থকেরা বাড়ৈগাঁও পূর্বপাড়া এলাকার রমিজ উদ্দিনের ছেলে মাসুম উদ্দিনকে মারধর করেন। গ্রামবাসী প্রতিরোধ করলে তাঁরা পিছু হটেন। পরে বিকেলে আবারও আক্তারুজ্জামানের নেতৃত্বে তাঁর সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে বাড়িঘরে হামলা চালান। হামলাকারীদের ধাঁরালো অস্ত্রের আঘাতে খোরশেদ আলম নিহত এবং জালাল উদ্দিন, কবির মিয়াসহ পাঁচজন আহত হন। এ ঘটনায় মামলা হয়েছে।