যুবলীগের হামলায় বিএনপির পাঁচ নেতা-কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজারে যু্বলীগের বিরুদ্ধে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা ও এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। হামলায় বিএনপির পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে স্থানীয় বিএনপি মিছিল বের করে। মিছিল শেষে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত শ্রীপুর থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আফজাল হোসেন মণ্ডলকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা হলেন থানা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আলতাব হোসেন মণ্ডল (৩৫), ইউনিয়ন যুবদলের সদস্য রহিম মণ্ডল (৩০), কাওরাইদ ইউনিয়ন ছাত্রদলের সদস্য আবদুল্লাহ ফকির (৩০) ও বরমী ইউনিয়ন যুবদলের সদস্য লিটন (৩৮)।
এলাকাবাসী ও নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, মিছিল শেষে নেতা-কর্মীরা কাওরাইদ বাজার এলাকায় শ্রীপুর থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আফজাল হোসেন মণ্ডলের ব্যবসাপ্রতিষ্ঠানে জড়ো হন। এ সময় কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল বাতেন, সাবেক সাধারণ সম্পাদক মামুন, যুবলীগ নেতা কাশেমসহ কমপক্ষে ২৫ জনের একদল যুবলীগ কর্মী দা, লাঠি নিয়ে অতর্কিতে তাঁদের ওপর হামলা করেন। ভাঙচুর চালানো হয় ব্যবসাপ্রতিষ্ঠানে। এ সময় অনেকেই ছোটাছুটি করে পালিয়ে যায়। দোকানের ভেতরে থাকা বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতা-কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত আফজাল হোসেনকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল বাতেন বলেন, কাওরাইদ বাজারে কোনো হামলার ঘটনা ঘটেনি। ভাঙচুর বা হামলার ঘটনা সাজানো।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন-উল কাদির বলেন, ওই বাজারে হামলার কোনো ঘটনা ঘটেনি। দু্ই দলের কর্মী-সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়েছিল। ওই ঘটনায় হতাহত, মামলা বা গ্রেপ্তার নেই।