যুবলীগের হামলায় যুগান্তর প্রতিনিধি আহত, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যুগান্তর-এর উপজেলা প্রতিনিধি এস এম সাদিক হোসেন যুবলীগের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীরা তাঁকে মারধর করাসহ মুঠোফোন ও ক্যামেরা ছিনিয়ে নেয়।
এলাকাবাসী ওই সাংবাদিককে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই সাদেক রৌমারী থানায় ১১ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ বাচ্চু মিয়া নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।
এজাহারে বলা হয়, ৫ আগস্ট রৌমারীর বন্দবের ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ টাপুরচর এল এইচ দাখিল মাদ্রাসার বাথরুমে ওই নির্বাচনের পরিত্যক্ত ব্যালট পেপার উদ্ধারের খবর পেয়ে সাদিক হোসেন সেখানে যান। এ সময় স্থানীয় যুবলীগের সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। বন্দবের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদেরকে হুকুমের আসামি করা হয়েছে। মামলার আসামিরা পলাতক থাকায় কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।