নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতু ক্ষতিগ্রস্ত করে বালু উত্তোলন ও মেঘনা নদী দখল করে বালু ব্যবসার অভিযোগে ১৫ জন যুবলীগ কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মামলাটি করেন নারায়ণগঞ্জ সড়ক বিভাগের কার্যসহকারী নুরুল হক।
মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলার পিরোজপুর ইউনিয়ন যুবলীগ কর্মী শাহাবুদ্দিনকে। অন্য আসামিরা হলেন—স্বপন মিয়া, জসিম উদ্দিন, সোহেল মিয়া, বিল্লাল হোসেন, শরীফ হোসেন, আরিফুজ্জামান, আলমগীর হোসেন, মহসিন মিয়া, বাবুল মিয়া, মাহবুব হোসেন ও আবদুল বাতেন। বাকিদের নাম পাওয়া যায়নি।
মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা দীর্ঘদিন ধরে মেঘনা সেতু ক্ষতিগ্রস্ত করে বালু উত্তোলন ও সওজের জায়গা দখল করে অবৈধভাবে বালু ব্যবসা করে আসছেন। এ বিষয়ে আসামিদের একাধিকবার নোটিশ দেওয়া হলেও তাঁরা প্রভাবশালী হওয়ায় কোনো নিষেধাজ্ঞা মানছেন না।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঞা বলেন, কোনো অবস্থাতেই আর মেঘনা সেতু ক্ষতিগ্রস্ত ও মেঘনা নদী দখল করতে দেওয়া হবে না। আসামিদের গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।