যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগের সঙ্গে ছাত্রলীগ ও শ্রমিক লীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
গতকাল রোববার উপজেলার কাঠুরিয়াচালা এলাকার সান প্যাকেজিং কারখানার সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাঠুরিয়াচালা এলাকার সান প্যাকেজিং নামে কার্টন তৈরির কারখানায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত মালামালের ব্যবসা করে আসছিলেন স্থানীয় যুবলীগ নেতা ফিরোজ আহম্মেদ ওরফে লিটন সরকার। পাঁচ-ছয় মাস আগে মৌচাক ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন ও কালিয়াকৈর উপজেলা শ্রমিক লীগের সাবেক সহসভাপতি আবদুল বাছেদ ফিরোজ আহম্মেদকে সরিয়ে দিয়ে ওই কারখানার ঝুট ব্যবসা শুরু করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগ নেতা আরিফ হোসেন ও আবদুল বাছেদ ওই কারখানা থেকে মালামাল বের করতে যান। ফিরোজ আহম্মেদ তাঁর লোকজন নিয়ে মালামাল বের করতে বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ফিরোজ আহম্মেদ তাঁর লোকজন নিয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যান। পরে অপর পক্ষের লোকজন তাঁর মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেন। খবর পেয়ে মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ছাত্রলীগ নেতা তাঁর লোকজন নিয়ে চলে যান। পুলিশ ঘটনাস্থল থেকে পুড়িয়ে দেওয়া মোটরসাইকেল উদ্ধার করে।
যুবলীগ নেতা ফিরোজ আহম্মেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই কারখানায় পরিত্যক্ত মালামালের ব্যবসা করে আসছি। হঠাৎ ছাত্রলীগ নেতা আরিফ ও শ্রমিক লীগ নেতা আবদুল বাছেদ জোরপূর্বক মাল বের করতে গিয়ে আমার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।’
ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম বলেন, ‘পাঁচ-ছয় মাস আগে থেকে আমরা ওই কারখানায় পরিত্যক্ত মালামালের ব্যবসা করে আসছি। গতকাল কারখানা থেকে মাল বের করতে গেলে লোকজন নিয়ে গিয়ে বাধা দেয়।’