লক্ষ্মীপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের ২৪ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৬০ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল শনিবার সকালে সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু ছায়েদ বাদী হয়ে এ মামলা করেন। হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে।
মামলার আসামি যুবলীগ ও ছাত্রলীগের ২৪ নেতা-কর্মীর মধ্যে সদর উপজেলার চর রমণীমোহন ইউনিয়ন যুবলীগের সভাপতি সফিক আহমদ ওরফে শরীফ মোল্লা, একই ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মিলন হোসেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দুলাল হোসেনও রয়েছেন।
গত শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার সাইফিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিলে কুপন না কেটে ও লাইনে না দাঁড়িয়ে খাবার সংগ্রহের চেষ্টা চালান যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। বাধা দিলে তাঁরা পুলিশের ওপর হামলা চালান। এতে এসআই আবু ছায়েদ, কনস্টেবল আল আমিন, আবদুল মোতালেব ও হাছান আহত হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, পুলিশকে মারধর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৬০ জনকে আসামি করে মামলা হয়েছে। আরিফুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।