যুবসংহতি নেতার পাঁচ টুকরা লাশ উদ্ধার
হবিগঞ্জের বাহুবলে জাতীয় পার্টির যুব সংগঠন যুব সংহতির নেতা রফিক মিয়ার (৩৫) পাঁচ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১টায় বাহুবলের বার আউলিয়া নামক স্থানে ঢাকা-সিলেট রেললাইনের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, তাঁকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জাহের মোল্লা (৪৫) ও তাঁর ভাই আবুল কালামকে (৪৮) আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রফিক বাহুবলের মিরপুর ইউনিয়ন যুবসংহতির সভাপতি ও উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দা। গত শনিবার নিখোঁজ হন তিনি। বিষয়টি বাহুবল থানাকে অবগত করেছিল তাঁর পরিবার। পরে রোববার রেললাইনের পাশে এক ব্যক্তির পাঁচ টুকরা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা লাশের টুকরাগুলো উদ্ধার করে। পরিবারের লোকজন লাশটি রফিকের বলে শনাক্ত করেন। এ ঘটনায় পুলিশ রফিকের বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তাঁর লুঙ্গি ও গেঞ্জি এবং রক্তমাখা একটি কুড়াল উদ্ধার করেছে।
রফিকের চাচাতো ভাই আবদুস সালাম বলেন, একটি রাস্তা নিয়ে রফিকের সঙ্গে তাঁর প্রতিবেশীর বিরোধ চলছিল।
ঘটনার ব্যাপারে জানতে চাইলে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুপুরে রফিকের দুই প্রতিবেশীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।