নিতু হত্যাকাণ্ড ১৬৪ ধারায় মিলনের জবানবন্দি
যে মাঠে তাকে নিয়ে উচ্ছ্বাস, সেখানেই অশ্রুসিক্ত বিদায়

সেই একই মাঠ। নয় মাস আগে এখানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচেগেয়ে সবাইকে উচ্ছ্বাসে মাতিয়েছিল নিতু। গতকাল রোববার সেই মাঠে তাকে বিদায় জানাল সহপাঠী, গ্রামবাসী। এবার সবার চোখে জল।
মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী নিতু মণ্ডল (১৪)। গত রোববার সকালে স্কুলে যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় একই গ্রামের যুবক মিলন মণ্ডলকে আটকের পর পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছিল গ্রামবাসী। গতকাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি নিতুকে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি কালকিনির সৈয়দ আবুল হোসেন কলেজের ছাত্র।
নিতু হত্যার ঘটনায় রোববার রাতে কালকিনির ডাসার থানায় মামলা করেন তার বাবা নির্মল মণ্ডল। এতে মিলনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ডাসার থানার উপপরিদর্শক (এসআই) মো. বায়েজিদ মৃধা জানান, গতকাল বিকেলে মিলনকে মাদারীপুর মুখ্য বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ হাকিম ফৌজিয়া হাফসার আদালতে হাজির করা হয়। এ সময় মিলন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, যে ছোরা দিয়ে নিতুকে আঘাত করা হয়, ঘটনাস্থলের পাশের একটি পুকুর থেকে সেটি উদ্ধার করেছে পুলিশ।
মাদারীপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল সকালে নিতুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে লাশ নেওয়া হয় নিতুর শিক্ষাপ্রতিষ্ঠান নবগ্রাম উচ্চবিদ্যালয়ে। এ সময় কান্নায় ভেঙে পড়ে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর নিতুকে তার বাড়ির উঠানের পাশে সমাহিত করা হয়।
এর আগে নিতুকে হত্যার প্রতিবাদে এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তার স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলমাঠেই সকাল ১০টা থেকে এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করে।
মাদারীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার সারোয়ার হোসেন ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মি আক্তার সকালে নিতুদের বাড়ি ও স্কুলে যান। স্কুলে তাঁরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সভাও করেন। নিতুর পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়।
দুপুরে নবগ্রামে নিতুদের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত গ্রামবাসীও কাঁদছে। নিতুর বাবা নির্মল মণ্ডল বলেন, ‘আমরা গরিব মানুষ। অনেক কষ্টে মেয়েকে লেখাপড়া করাচ্ছিলাম। অনেক স্বপ্ন ছিল আমাদের। মিলন স্বপ্নটাকেই মেরে ফেলল।’
মিলন মণ্ডলের বাড়ি গিয়ে দেখা যায় তাঁদের বসতঘর তালাবদ্ধ। নাম প্রকাশ না করার শর্তে এক আত্মীয় বলেন, ‘অনেক আগে মিলনের বাবা মারা গেছেন। ভাইয়েরাই তাঁকে বড় করেছে। পুরো পরিবারকেই এখন এ ঘটনার জন্য মূল্য দিতে হবে।’