যে সীমান্ত পাহারা দেওয়ার ইচ্ছা ছিল সেখানেই প্রাণ গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়াশোনা শেষ করে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দেওয়ার ইচ্ছা ছিল শিহাব উদ্দিন সজলের (১৭)। স্বপ্ন, দেশের সীমান্ত রক্ষায় নিজেকে নিয়োজিত করবে। সেই সীমান্তেই গত শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে প্রাণ হারাল শিহাব।
গতকাল রোববার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে শিহাবদের বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলে হারিয়ে বিলাপ করছেন মা দেলোয়ারা বেগম। তিনি বলেন, শিহাব সীমান্ত এলাকায় বড় হয়ে উঠেছে। বিজিবি দেখেছে ছোটবেলা থেকেই। বিজিবিতে যোগ দেবে, সীমান্ত পাহারা দেবে—এমনই ইচ্ছা ছিল তার। সেই সীমান্তেই প্রাণ গেল ছেলের।
দেলোয়ারা বেগম বলেন, ‘২০০ টাকার আশায় শনিবার সকালে সীমান্তের কাছের নতুনপাড়া গ্রামের একটি আমবাগানে শ্রমিক হিসেবে আম পাড়তে গিয়েছিল শিহাব। সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কোনো উসকানি ছাড়াই তাকে নির্যাতন ও গুলি করে। যারা বিনা দোষে ওকে খুন করেছে, সেই বিএসএফ সদস্যের শাস্তি চাই, বিচার চাই।’
শিহাবের সঙ্গে আম পাড়তে যাওয়া বন্ধু সবুজ জানায়, শনিবার সকাল আটটার দিকে ১৪ জন বাগানটিতে আম পাড়তে গিয়েছিল। শিহাব, সবুজসহ পাঁচজন গাছে উঠেছিল এবং অন্যরা নিচে দাঁড়িয়ে আম কুড়িয়ে রাখছিল। সকাল সাড়ে ১০টার দিকে বিএসএফের কয়েকজন সদস্য বাগানটিতে ঢুকে ধাওয়া দেন। তখন নিচে দাঁড়িয়ে থাকা শ্রমিকেরা পালিয়ে যায়। শিহাব লাফ দিয়ে গাছ থেকে নামতে গেলে বাগানের বেড়ায় আটকে যায়। ওই সময় বিএসএফের কয়েকজন সদস্য তাকে বেধড়ক পেটান। সবুজকেও অস্ত্রের মুখে নামতে বাধ্য করেন। এরপর দুজনকে পাশাপাশি উপুড় করে শুইয়ে মারতে থাকেন। একপর্যায়ে শিহাব মাথা উঁচু করে উঠতে গেলে বিএসএফের এক সদস্য খুব কাছ থেকে একটি গুলি করেন। গুলি তার কোমর ভেদ করে বেরিয়ে যায়।
এ হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল সকালে ঘটনাস্থল নতুন সীমান্তের ৬৬ নম্বর আন্তর্জাতিক খুঁটির পাশে বিজিবি ও বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গার বিজিবি-৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে শিহাব হত্যার ব্যাপারে বিভিন্ন তথ্য-প্রমাণ ও সাক্ষীদের উপস্থাপন করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে বিজিবিকে অবগত করার জন্য জোরালো দাবি জানানো হয়েছে।