যেভাবে উদ্ধার হলো রাষ্ট্রদূতের ব্যাগ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা ক্যুলেনায়ের ব্যাগ চুরির পর বাগে থাকা মোবাইল, আইপ্যাড বিক্রি করা হয় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের এক দোকানির কর্মচারীর কাছে। মোবাইল ও আইপ্যাড বিক্রি হয় ১০ হাজার টাকায়। যার কাছে বিক্রি হয় তিনি মোবাইল ও আইপ্যাড আবার বিক্রি করে বেশি টাকা পেলে বিক্রেতাকে দেবেন বলে জানান। এরপর ওই শপিং মলের পাঁচতলার ওপর থেকে ব্যাগটি ফেলে দেওয়া হয়।
ব্যাগটি পাওয়ার পর ব্যাগের মালিকের সন্ধানে মাইকিং করে বসুন্ধরা শপিং মল নিরাপত্তা কর্মীরা। কেউ সাড়া না দেওয়ায় বসুন্ধরা শপিং মল কর্তৃপক্ষের কাছে রাখা হয় কুড়িয়ে পাওয়া জিনিসপত্র।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের চুরি হওয়া ব্যাগ উদ্ধার এবং দুজনকে আটক দুজনের বিষয়ে আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার আবদুল বাতেন।
গত সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ‘ফ্রিডম’ নামের একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান থেকে রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা ক্যুলেনায়ের ব্যাগ চুরি হয়। তিনি ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। ব্যাগে রাষ্ট্রদূতের আইপ্যাড, মোবাইল, ব্যাংকের কার্ড, বাসার চাবি ও প্রয়োজনীয় ব্যক্তিগত জরুরি কাগজপত্র ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে রাষ্ট্রদূত যখন মঙ্গল বাতি জ্বালাচ্ছিলেন, সে সময়ই চুরির এ ঘটনা ঘটে বলে ধারণা করা হয়। কারণ, বাতি জ্বালিয়ে তিনি নিজ চেয়ারে ফিরে গিয়ে ব্যাগটি খুঁজে পাননি। রাষ্ট্রদূত এ ঘটনায় মর্মাহত হলেও তিনি এ নিয়ে কোনো কথা বলেননি। এ ঘটনায় পরে শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।
আবদুল বাতেন আজ জানান, রাষ্ট্রদূতের ব্যাগ চুরির দায়ে গোয়েন্দা পুলিশ দুজনকে আটক করে। এরা হলেন রুবেল ও শামস। রুবেলের বয়স ২০ বছর। আজ সকাল ৯টার দিকে রাজধানীর শনির আখড়া বাসা থেকে রুবেলকে আটক করা হয়। তার তথ্যের ভিত্তিতেই বসুন্ধরা শপিং মলের একটি দোকান থেকে শামসকে গ্রেপ্তার করা হয়।
আবদুল বাতেন বলেন, গত সোমবারের অনুষ্ঠানে বিভিন্ন টেলিভিশনের ভিডিও ফুটেজ থেকে দেখা যায় চেয়ার থেকে ব্যাগটি তুলে নেয় রুবেল। এরপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সে। যদি সে ধরা পড়ত তখন বলত, আমি এমনি ধরে আছি। এরপরই সে সোহরাওয়ার্দী উদ্যানে চলে যায়। পরদিন আইপ্যাড ও মোবাইল ১০ হাজার টাকায় শাসমসের কাছে বিক্রি করে। ব্যাগও শামসকে দেয় রুবেল। শামস তাকে জানায় এগুলো বেশি দামে বিক্রি করতে পারলে রুবেলকে সে আরও টাকা দেবে। শামস ওই ব্যাগে থাকা রাষ্ট্রদূতের পাসপোর্ট শপিং মলের পাঁচতলা থেকে ফেলে দেয়। ব্যাগ ও পাসপোর্ট পায় বসুন্ধরা শপিং মলের নিরাপত্তা কর্মীরা। মালিকের সন্ধানে তারা মাইকিং করে। কিন্তু কেউ সাড়া না দেওয়ায় শপিং মল কর্তৃপক্ষের কাছে রাখা হয় কুড়িয়ে পাওয়া জিনিসপত্র।
আবদুল বাতেন সংবাদ সম্মেলনে বলেন, তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শাহবাগ থানায় হওয়া মামলা তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।