যেভাবে কোমর থেকে মিলল ১০ কেজি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার ভোর ছয়টায় কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কাতারের দোহা থেকে আসা উড়োজাহাজটিতে ছিল শতাধিক যাত্রী। এঁদের মধ্যে কোনো এক যাত্রী সোনার চালান নিয়ে এসেছেন—এমন সংবাদ পেয়ে অবতরণের পরপরই উড়োজাহাজে তল্লাশি চালান শুল্ক গোয়েন্দারা। যাত্রীদের আসন ছেড়ে না ওঠার অনুরোধ করেন তাঁরা। তবে সোনা পাওয়া যায়নি। কিন্তু আবুল হোসেন (৩০) নামের এক যাত্রীকে নজরদারিতে রাখা হয়। তাঁর হাতে ছিল ছোট একটি ব্যাগ। পরনে জিনসের ফুল শার্ট ও প্যান্ট।

ইমিগ্রেশনসহ আনুষঙ্গিক কাজ শেষে ঘণ্টা খানেক পর লাগেজ কাউন্টারের সামনে আবুল হোসেনকে সোনার চালানের বিষয়ে জিজ্ঞাসা করেন শুল্ক গোয়েন্দারা। তবে অস্বীকার করে তিনি। এ সময় আবুল হোসেনের ব্যাগ ও শরীর তল্লাশি করা হয়। একপর্যায়ে তাঁর কোমর থেকে সাদা রঙের দুটি প্যাকেট ও সাতটি সোনার চুড়ি উদ্ধার করা হয়। প্যাকেট দুটির ভেতর পাওয়া যায় ৮৪টি সোনার বার। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। আর সাতটি সোনার চুড়ির ওজন প্রায় ১০০ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ১০ কেজি। যার মূল্য সাড়ে চার কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক তারেক মাহমুদ প্রথম আলোকে বলেন, আবুল হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লায়। একসময় তিনি দুবাইয়ে খাবারের দোকানের চাকরি করতেন। কিছুদিন চাকরি করে দেশে ফিরে আসেন তিনি। তবে আবুল হোসেনের পাসপোর্ট দেখা গেছে, প্রতি মাসে দুই থেকে তিনবার দেশের বাইরে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বেড়াতে যেতেন। কিন্তু উদ্ধার হওয়া সোনার মালিক তিনি নিজে নন বলে শুল্ক কর্মকর্তাদের কাছে দাবি করেন। কাতারের এক ব্যক্তি প্যাকেট দুটি ঢাকায় পৌঁছে দিতে বলেছিলেন আবুল হোসেনকে। তবে ওই ব্যক্তির নাম-ঠিকানা সম্পর্কে আবুল হোসেন কোনো তথ্য দেননি।

আবুল হোসেনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

আরও  পড়ুন...