যেভাবে টাকা হাতিয়ে নিতেন সেই ভুয়া অতিরিক্ত সচিব
পেশায় ‘অতিরিক্ত সচিব’, যিনি ‘ক্ষমতাবান’, বড় বড় প্রকল্পের কার্যাদেশ তিনি পাইয়ে দেন। তাঁর কাছ থেকে কেউ খালি হাতে ফেরেন না। নাম তাঁর আবদুল কাদের।
অতিরিক্ত সচিবের পরিচয় দিয়ে দীর্ঘদিন ভালোই চলছিল কাদেরের। কিন্তু রাজধানীর বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে তিনটি পৃথক মামলা হলে আসল পরিচয় বেরিয়ে আসে কাদেরের। তিন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এবং প্রতারণাসহ ফৌজদারি অপরাধে জড়িত থাকার অপরাধে ৮ অক্টোবর কাদের গ্রেপ্তার হন।
পুলিশ জানায়, কাদেরের গ্রামের বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে। বাবার নাম ইদ্রিস আলম। মাধ্যমিকের গণ্ডি পার হতে না পারলেও কাদের নিজেকে অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দিতেন।
যেভাবে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন কাদের
বাগেরহাটের শেখ আলী আকবর পেশায় ঠিকাদার। সরকারি-বেসরকারি প্রকল্পে তিনি ইট, বালু, সিমেন্ট ইত্যাদি সামগ্রী সরবরাহ করে থাকেন। প্রথম আলোকে তিনি জানান, দুই বছর আগে রাজনীতির সঙ্গে জড়িত জেরিন নামের একজন নারীর সঙ্গে আকবরের পরিচয় হয়। তখন ওই নারী সরকারের একজন প্রভাবশালী নেতার আত্মীয় বলে তাঁর কাছে পরিচয় দেন। কথোপকথনের একপর্যায়ে তিনি আবদুল কাদেরের নাম আলী আকবরকে শোনান। পরে কাদেরের সঙ্গে আলী আকবরের ঢাকার কারওয়ান বাজারে দেখা করিয়ে দেন ওই নারী। কাদের তখন আবাসন কোম্পানি সততা প্রপার্টিজের মালিক বলে নিজেকে পরিচয় করান। আকবরকে চট্টগ্রামের মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজে পাথর সরবরাহের একটি কার্যাদেশও দেন কাদের। বিনিময়ে কাদের নগদ ১৫ লাখ টাকা নেন।
খোঁজ নিয়ে আলী আকবর জানতে পারেন, কাদেরের দেওয়া কার্যাদেশটি ছিল ভুয়া। আকবর আবার কাদেরের কাছে গিয়ে ভুয়া কার্যাদেশ দেওয়ার তথ্য জানান এবং টাকা ফেরত চান। এরপর আকবরকে একটি সরকারি সংস্থায় পাথর সরবরাহের কার্যাদেশ দেন কাদের, বিনিময়ে নেন আরও ৭ লাখ ৪০ হাজার টাকা। পরে আকবর জানতে পারেন, কাদেরের দেওয়া ওই কার্যাদেশটিও ভুয়া। মামলার কাগজপত্রে কাদেরের বিরুদ্ধে এসব অভিযোগ আনেন আকবর।
এ ঘটনায় কাদেরের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করেন ভুক্তভোগী ঠিকাদার শেখ আলী আকবর। প্রথম আলোকে তিনি বলেন, ‘কাদের যে একজন ভুয়া অতিরিক্ত সচিব, তা গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত ধরতে পারিনি। আমার একজন আত্মীয় সরকারি চাকরি করেন, তিনিও কাদেরের সঙ্গে কথা বলেন। কিন্তু কাদের যে ভুয়া সচিব, তা বুঝতে পারেননি।’
ঋণ পাইয়ে দেওয়ার নামেও করেছেন টাকা আত্মসাৎ
কাদেরের বিরুদ্ধে মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, করোনার সময় ব্রাদার্স কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠানের ব্যবসায় মন্দাভাব আসে। তখন কাদেরের একান্ত সহযোগী সাখাওয়াতের সঙ্গে ব্রাদার্স কনস্ট্রাকশনের যোগাযোগ হয়। ব্রাদার্স কনস্ট্রাকশনের সহকারী ব্যবস্থাপক আমিনুল ইসলাম গিয়ে কাদেরের সঙ্গে পরিচিত হন। তখন ব্রাদার্স কোম্পানিকে আড়াই কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার অঙ্গীকার করেন কাদের। তখন ঋণ দেওয়ার নামে জামানত হিসেবে ব্রাদার্স কোম্পানির কাছ থেকে ৩৮ লাখ টাকা গ্রহণ করেন কাদের। এরপর ব্রাদার্স কোম্পানি নামের প্রতিষ্ঠানটি ঋণ তো পায়ইনি, বরং তাঁদের দেওয়া ৩৮ লাখ টাকা হাতিয়ে নেন কাদের।
আমিনুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘কাদের যে কত বড় প্রতারক, তা তো আগে বুঝতে পারিনি। কাদের এমনভাবে আমাদের সঙ্গে আচরণ করতেন, এমনভাবে লোক ঠিক করে রেখেছিলেন, তা দেখে আমরা বুঝতে পারিনি কাদের একজন ভুয়া অতিরিক্ত সচিব। কাদের অফিসে আসতেন তিনটার পর। এমন ভাব দেখাতেন যে তিনি সচিবালয়ে অফিস শেষ করে ব্যক্তিগত অফিসে এসেছেন।’
মনির হোসেন নামের এক ঠিকাদার গত বছরের মে মাসে কারওয়ান বাজারে কাদেরের সঙ্গে পরিচিত হন। একপর্যায়ে তিনি কাদেরের অফিসে যান এবং বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসায়িক আলাপ হয়। আলাপের সময় কাদের নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে পরিচয় দেন। তখন কাদেরের গাড়িতে ফ্ল্যাগস্ট্যান্ড ব্যবহার করতে দেখেন মনির। আলাপের সময় কাদের তাঁকে জানিয়েছিলেন, একটি সরকারি বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। ওই বাহিনীর বিভিন্ন কনস্ট্রাকশন কাজে তিনি ইট, বালু, পাথরসহ বিভিন্ন সামগ্রী সরবরাহ করে থাকেন। ওই বাহিনীর নির্মাণাধীন একটি আবাসন প্রকল্পে সাত কোটি সেফটি বালু সরবরাহ করতে বলেন কাদের।
কাদেরের প্রতিষ্ঠানের সঙ্গে মনিরের প্রতিষ্ঠান চুক্তিও করে। ওই প্রকল্পের কাজ পেতে কাদেরকে বিভিন্ন সময় মোট ৪০ লাখ টাকা দেন মনির। তবে কাজ না দিয়ে সেই টাকা আত্মসাৎ করেন কাদের। রাজধানীর গুলশান থানায় মনিরের করা মামলায় কাদেরের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে।
মনির প্রথম আলোকে বলেন, ‘কাদের যে ভুয়া সচিব, তা ধরার ক্ষমতা আমার হয়নি। বুঝতে পারিনি বলেই তো আমি ৪০ লাখ টাকা ধরা খেয়ে বসে আছি। কাদের সব সময় প্রমাণ করার চেষ্টা করতেন, তাঁর ওঠাবসা ক্ষমতাসীন মানুষজনের সঙ্গে। কাজ না পেয়ে যখন আমি কাদেরকে ফোন দিয়েছিলাম, তখন অকথ্য ভাষায় গালিগালাজ করেন।’
এ তিন মামলার ভুক্তভোগীরা জানান, কাদেরের প্রতারণার শিকার হয়ে আরও অনেকে পথে বসেছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে প্রতারণা করে ঢাকায় একাধিক ফ্ল্যাটের মালিক হয়েছেন আবদুল কাদের। ঢাকার বাইরে গাজীপুরে ৯ তলা বাড়ি এবং ৮ বিঘা জমির ওপর বাগানবাড়ি রয়েছে তাঁর। এ ছাড়া আবদুল কাদেরের পাঁচটি ব্যাংক হিসাবে মোটা অঙ্কের টাকা থাকারও তথ্য পেয়েছে ডিবি। দেড় যুগ ধরে প্রতারণা করে অঢেল সম্পদের মালিক হয়েছেন আবদুল কাদের।