যেমন খুশি পরীক্ষা দিয়ে চাকরি
পরীক্ষার নির্ধারিত দিনে না এসে ইচ্ছামাফিক সময়ে উপস্থিত হয়ে নিয়োগ পেয়েছেন তাঁরা। নিজেদের সুবিধামতো ১৪ দিন পরও পরীক্ষা দিয়ে নিয়োগ পেয়েছেন কেউ কেউ। আবার উল্টোটাও ঘটেছে। পরীক্ষায় উপস্থিত থাকলেও অনুপস্থিত দেখিয়ে বাদ দেওয়া হয়েছে বেশ কয়েকজনকে। বন অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে এমন সব অনিয়ম, অমনোযোগিতা ও গুরুত্ব না দেওয়ার তথ্য পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধিদপ্তরের বন প্রহরী ও জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া থেকে শুরু করে নিয়োগ পর্যন্ত বিধি মেনে চলার বিষয়টিকে একেবারেই গুরুত্ব দেওয়া হয়নি। এ নিয়োগ বাতিল করতে সম্প্রতি পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে একটি সুপারিশ পাঠিয়েছে। তবে পরিবেশ ও বনমন্ত্রী সংসদীয় কমিটির সুপারিশ প্রতিবেদনকে সমর্থন করলেও নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের চাকরিচ্যুত না করে অনিয়ম যাঁরা করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দিয়েছেন।
নিয়োগে অনিয়মের বিষয়টি তদন্ত করতে গত ২০ মার্চ পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ৩ নম্বর সাব কমিটি গঠন করে। স্থায়ী কমিটির সদস্য টিপু সুলতানকে সাব-কমিটির আহ্বায়ক করা হয়।
সংসদীয় কমিটির প্রতিবেদন থেকে জানা যায়, বন প্রহরী ও জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট পদে ১০ জন মৌখিক পরীক্ষার নির্ধারিত দিনে অনুপস্থিত থেকেও নিয়োগ পেয়েছেন। তাঁরা হলেন মো. আলতাফ (রোল নম্বর-০৯), জুলহাস বেপারী (রোল নম্বর-৯৬৬), সজল বালা (রোল নম্বর-৯৭৬), মো. এহেছানুল হক (রোল নম্বর-২৭৯০), মোহাম্মদ মহিউদ্দিন (রোল নম্বর-৩০১৪), বিপুল চন্দ্র দাস (রোল নম্বর-৪৪৬৬), নিলিমেশ বৈরাগী (রোল নম্বর-৪৬২৬), মো. খায়রুল ইসলাম (রোল নম্বর-৬৭৬৮), মো. আরিফুর রহমান (রোল নম্বর-৬৯৮৭) ও মো. মেহেদী হাসান (রোল নম্বর-৯২৫৩)।
এর মধ্যে আলতাফ ও জুলহাস বেপারীর মৌখিক পরীক্ষার নির্ধারিত দিন ছিল গত বছরের ১ আগস্ট। তাঁরা পরীক্ষা দিতে উপস্থিত হন ওই বছরের ১০ আগস্ট। সজল বালা নির্ধারিত দিন ২ আগস্ট উপস্থিত না হয়ে ১০ আগস্ট উপস্থিত হন। এহেছানুল হক ও মোহাম্মদ মহিউদ্দিনের মৌখিক পরীক্ষার নির্ধারিত দিন ছিল ১১ আগস্ট। তাঁরা ১৪ দিন পর ২৫ আগস্ট এসে পরীক্ষা দিয়ে নিয়োগ পান। বিপুল চন্দ্র দাসের পরীক্ষা দিতে আসার কথা ছিল ১২ আগস্ট। তিনি উপস্থিত হন ২৯ আগস্ট। নিলিমেশ বৈরাগী নির্ধারিত দিনের চার দিন পর ১৬ আগস্ট পরীক্ষা দিতে উপস্থিত হন। মো. খায়রুল ইসলাম ও মো. আরিফুর রহমানের পরীক্ষা দেওয়ার নির্ধারিত দিন ছিল ২৪ আগস্ট। তাঁরা পাঁচ দিন পর হাজির হন। মেহেদী হাসান নির্ধারিত ২৯ আগস্ট অনুপস্থিত থেকে উপস্থিত হন ৩০ আগস্ট।
এ প্রসঙ্গে কমিটির সভাপতি হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, নিয়োগের ক্ষেত্রে চরম অমনোযোগিতা দেখানো হয়েছে। অনিয়ম তো রয়েছেই। যার যখন ইচ্ছা পরীক্ষা দিতে এসে নিয়োগ পেয়ে যাচ্ছেন। কোনো প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ে অনুপস্থিত থেকে পরে সুবিধাজনক সময়ে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আগে পিটিশন দেওয়ার নিয়ম থাকলেও এখানে তা মানা হয়নি। আবার কেউ কেউ পরীক্ষা দিয়েছেন। হাজিরা খাতায় স্বাক্ষর আছে। অথচ তাঁদের অনুপস্থিত দেখানো হয়েছে। তিনি বলেন, সিনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ড্রাইভার, স্পিডবোট ড্রাইভার পদে নিয়োগে মৌখিক পরীক্ষার জন্য ভিন্ন কোনো নম্বর ফর্দ তৈরি করা হয়নি। মৌখিক পরীক্ষায় গড় নম্বর দেওয়া হয়েছে। টেবুলেশন শিট পর্যবেক্ষণ করে দেখা গেছে, একজন প্রার্থীকে পাঁচজন পরীক্ষক একই নম্বর দিয়েছেন। শুধু একজন নয়, অনেকের ক্ষেত্রে তাঁরা একই কাজ করেছেন।
৩ নম্বর সাব কমিটির আহ্বায়ক টিপু সুলতান প্রথম আলোকে বলেন, কমিটির তদন্তে পুরো নিয়োগপ্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ ও ত্রুটিপূর্ণ হিসেবে প্রমাণ পাওয়া গেছে। সাব কমিটি এই নিয়োগ বাতিল করার সুপারিশ করে চলতি বছরের জুন মাসে স্থায়ী কমিটির কাছে সুপারিশ প্রতিবেদন জমা দেয়। স্থায়ী কমিটি সেই প্রতিবেদন জুলাই মাসে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে সাধারণ কোটা উল্লেখ থাকে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে তা প্রযোজ্য নয়। এরপরও সব জেলার প্রার্থীদের দরখাস্ত আহ্বান করে হয়রানি করা হয়েছে।
এদিকে স্থায়ী কমিটির গত ২৮ জুনের বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে, পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং কমিটির সদস্য ইয়াসিন আলী জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পক্ষে মত দিয়েছেন।
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ওই বৈঠকে বলেন, ‘যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের চাকরিচ্যুত করা সমীচীন হবে না। যাঁরা চাকরি দিয়েছেন বা নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন এবং যাঁদের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।’