যৌতুক না দেওয়ায় রড দিয়ে পিটিয়ে, ছুরিকাঘাতে জখম!
যশোরের মনিরামপুরে গত বুধবার রাতে রডের পিটুনি ও ছুরিকাঘাতে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। গৃহবধূর মা বলছেন, যৌতুক না দেওয়ায় তাঁর স্বামী এভাবে নির্যাতন করেছেন। ঘটনার পর থেকে স্বামী পলাতক।
ঘটনার শিকার গৃহবধূর নাম লিপিকা খাতুন (৩০)। তিনি উপজেলার চাকলা গ্রামের জিন্নাত আলী গাজীর (৪০) স্ত্রী। লিপিকাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লিপিকার মা রোকেয়া বেগম বলেন, তাঁদের বাড়ি মনিরামপুরের মশ্মিমনগর গ্রামে। জিন্নাত গাজীর সঙ্গে লিপিকার প্রায় ১৫ বছর আগে বিয়ে হয়। বিপ্লব হোসেন (১২) ও ফাহিম রেজা (৭) নামের তাঁদের দুটি ছেলে রয়েছে। স্বামী জিন্নাত ভাড়ায় মোটরসাইকেল চালান। বিয়ের পর থেকে বিভিন্ন সময় জামাইকে যৌতুক দিতে হয়েছে। সর্বশেষ এক বছর আগেও তাঁকে ৩০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু ওই ঘটনার কয়েক মাস পরই বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে টাকা আনতে লিপিকাকে চাপ দিতে শুরু করেন জিন্নাত। রাজি না হওয়ায় মাঝেমধ্যেই তাঁর ওপর নির্যাতন করা হতো। সর্বশেষ বুধবার রাত ১২টার দিকে লিপিকাকে লোহার রড দিয়ে বেদম পেটান জিন্নাত। একপর্যায়ে তিনি ছুরি দিয়ে লিপিকার মাথায় আঘাত করেন। ঠেকাতে গেলে লিপিকার দুই হাতের আঙুলের মাঝখানে কেটে যায়। বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করেন। তাঁরা গ্রাম্য চিকিৎসক ডেকে এনে তাঁর প্রাথমিক চিকিৎসা করান। গতকাল বৃহস্পতিবার সকালে লিপিকাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করান।
খবর পেয়ে সকালে হাসপাতালে আসেন লিপিকার মা রোকেয়া বেগম। তিনি বলেন, লিপিকা সুস্থ হলে তিনি মামলা করবেন।
এদিকে ঘটনার পর থেকে জিন্নাত গাজী পলাতক। চাকলা গ্রামের বাসিন্দা ও স্থানীয় মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সরোয়ার হোসেন বলেন, রাতে স্ত্রীকে মারপিটের পরপরই জিন্নাত গাজী বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এরপর থেকে তাঁকে আর এলাকায় দেখা যাচ্ছে না। তাঁর মুঠোফোন নম্বরটিও বন্ধ রয়েছে।