যৌতুক না দেওয়ায় স্ত্রীর গায়ে আগুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাপের বাড়ি থেকে টাকা এনে না দেওয়ায় যশোরের কেশবপুরে গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে জেসমিন আরা (২০) নামে এক গৃহবধূকে তাঁর স্বামী রবিউল ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় ওই গৃহবধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার কুশলদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

হাসপাতালের বিছানায় জেসমিন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁর স্বামী রবিউল আজ ভোরে তাঁকে বাপের বাড়ি থেকে টাকা আনতে বলেন। এতে তিনি রাজি না হওয়ায় রবিউল বেতের লাঠি দিয়ে তাঁকে মারধর শুরু করেন। একপর্যায়ে নিজের মোটরসাইকেলের ট্যাংক থেকে পেট্রল নিয়ে এসে তাঁর গায়ে ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেন রবিউল। পরে তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে আগুন নেভান। পরে প্রথমে তাঁকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে খুলনা মেডিকেলে হাসপাতালে ভর্তি করা হয়।
জেসমিন বলেন, বিয়ের পর প্রায় আট বছর ধরেই মাঝে মাঝে বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য তাঁকে মারধর করে আসছেন রবিউল।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকেই রবিউল পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে কেশবপুর থানায় মামলার প্রক্রিয়া চলছে।