যৌতুক না দেওয়ায় স্ত্রীর ভ্রু ও মাথার চুল কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় যৌতুকের জন্য এক গৃহবধূর ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই নারীর ভ্রু ও মাথার চুল কেটে দিয়ে বাড়িতে আটকে রেখে পাশবিক নির্যাতন চালিয়েছেন তাঁর স্বামী। পরে প্রতিবেশীদের সহায়তায় তিনি পালিয়ে আসেন।

ওই গৃহবধূর নাম আঞ্জুয়ারা খাতুন (৩২)। তিনি উপজেলার মোহাম্মদপুর গ্রামের আবদুল মালেকের স্ত্রী ও একডালা গ্রামের জহির উদ্দিনের মেয়ে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক বছর আগে আঞ্জুয়ারা ও মালেকের বিয়ে হয়। মাস কয়েক আগে আঞ্জুয়ারাকে বাবার বাড়ি থেকে টাকা আনতে চাপ দেন মালেক। কিন্তু পক্ষাঘাতগ্রস্ত বাবার কাছে টাকা চাইতে অস্বীকৃতি জানান তিনি। এতে করে তাঁর ওপর নেমে আসে নির্যাতন।

আঞ্জুয়ারা বলেন, এক মাস আগে স্বামী মালেক তাঁকে নির্যাতন শুরু করেন। একপর্যায়ে তাঁর ভ্রু ও মাথার চুল কেটে ন্যাড়া করে দেন তিনি। এ ছাড়া তাঁর ওপর পাশবিক নির্যাতন চালিয়েএকটি ঘরে আটকে রাখা হয়। তবে ২ সেপ্টেম্বর প্রতিবেশী এক নারীর সহায়তায় তিনি পালিয়ে বাবার বাড়ি আসতে সক্ষম হন।

আঞ্জুয়ারার বাবা জহির উদ্দিনের প্রতিবেশী আওয়ামী লীগের স্থানীয় ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবদুস সোবহান বলেন, মেয়েটির ওপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে।

পরিবারটির ভাষ্য, এ ঘটনায় তারা ৫ সেপ্টেম্বর বাগমারা থানায় মামলা করে। কিন্তু পুলিশ আসামি মালেককে গ্রেপ্তারের চেষ্টাই করেনি। উল্টো পুলিশ তাঁর পক্ষ নেয়। গত বৃহস্পতিবার রাতে মালেক পুলিশের সঙ্গে দেখা করতে থানায় যাচ্ছিলেন। এ সময় এলাকাবাসী থানার মোড় থেকে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দেয়।

মালেক বর্তমানে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি পাহারায় চিকিৎসাধীন আছেন। গতকাল শুক্রবার দুপুরে ওই হাসপাতালে গিয়ে দেখা যায়, তাঁর মুখে ও শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ করা। তিনি কোনো কথা বলতে পারছেন না।

মালেকের প্রতিবেশী আওয়ামী লীগের স্থানীয় ওয়ার্ডের সভাপতি আনিসুর রহমান বলেন, আঞ্জুয়ারার আত্মীয়স্বজন মালেককে অপহরণ করে নির্যাতন চালিয়েছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাগমারা থানার উপপরিদর্শক হুমায়ন কবীর বলেন, তিনি রাজশাহীতে আছেন, কী ঘটেছে তা জানেন না। আসামি মালেকের পক্ষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেছেন, মামলা দায়েরের পর তিনি মালেককে ধরতে গিয়েছিলেন। তবে পলাতক থাকায় তাঁকে ধরা সম্ভব হয়নি।