যৌতুক না দেওয়ায় স্বামীর হাতে গৃহবধূ খুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বার্ণাআকুব গ্রামে গত সোমবার রাতে সুমি বেগম (৩৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। যৌতুকের টাকার জন্য স্বামী ও স্বামীর পরিবারের লোকজন তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গোবিন্দগঞ্জ থানা-পুলিশ ও নিহত গৃহবধূর পারিবারিক সূত্র জানায়, তিন বছর আগে উপজেলার বার্ণাআকুব গ্রামের শামীম মিয়ার সঙ্গে বগুড়ার শিবগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের আবতাফ মিয়ার মেয়ে সুমি বেগমের বিয়ে হয়। বিয়ের সময় কিছু টাকা যৌতুক দেওয়া হয়। এরপর শামীম আরও যৌতুকের জন্য সুমিকে চাপ দেয়। আর টাকা দিতে না পারায় শামীম ও তাঁর পরিবারের লোকজন প্রায়ই সুমিকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। গত সোমবার রাতেও যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শামীম ও তাঁর পরিবারের লোকজন সুমিকে লাঠি দিয়ে মারধর করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে যৌতুকের জন্য এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গৃহবধূর বাবা শামীমসহ চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।