যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ
যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ভোরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম সাবিনা খাতুন (১৯)। তিনি কলারোয়া উপজেলার সুলতানপুর গ্রামের ইমরান ফকিরের স্ত্রী।
ওই গৃহবধূর বাবা কলারোয়া উপজেলার পাঁচপোতা গ্রামের কওছার আলী জানান, দেড় বছর আগে তাঁর মেয়ের সঙ্গে বিয়ে হয় একই উপজেলার সুলতানপুর গ্রামের হোসেন ফকিরের ছেলে ইমরান ফকিরের। বিয়ের কিছু দিন যেতে না যেতে তাঁর মেয়েকে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতে থাকেন ইমরান। মেয়ের সুখের কথা চিন্তা করে কয়েক দফা যৌতুক দেওয়া হয় জামাইকে। এর মধ্যে তাঁর মেয়ে আন্তঃসত্ত্বা হয়ে পড়েন। গতকাল তাঁকে যৌতুকের জন্য বেধম মারপিট করেন তাঁর স্বামী। একপর্যায়ে সাবিনা মারা যান। এরপর তাঁরা ঘরের আড়ায় টাঙিয়ে দিয়ে প্রচার দেন সাবিনা আত্মহত্যা করেছেন। তিনি সকালে গিয়ে দেখতে পান, তাঁর মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে ইমরান ফকিরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জেল হোসেন জানান, সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কীভাবে মারা গেছে, তা বলা যাচ্ছে না। তবে লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে কেউ এখনো থানায় অভিযোগ করেনি।