যৌতুক না পেয়ে গায়ে ঢাললেন গরম ডাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন সইতে না পেরে শেফালী আক্তার (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
যৌতুক না পেয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রেশমা বেগম (২৫) নামের এক গৃহবধূর গায়ে গরম ডাল ঢেলে ঝলসে দিয়েছেন স্বামী।
নবীনগর থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানান, চার বছর আগে উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামের সাইদুল হোসেনের ছেলে শাহজাহান মিয়ার (৪০) সঙ্গে মিরপুর গ্রামের মদন মিয়ার মেয়ে শেফালীর বিয়ে হয়। বিয়ের পরই যৌতুকের জন্য তাঁর ওপর নির্যাতন শুরু হয়। তিন মাস আগে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শেফালীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। বাবার বাড়িতে অবস্থানের সময় প্রায় দেড় মাস আগে শেফালীর এক মাস বয়সী ছেলেটি মারা যায়। এ ঘটনার পাঁচ দিন পরই শেফালীর স্বামী জোর করে তাঁর মেয়ে সাদিয়াকে (২) নিয়ে যান। গত বৃহস্পতিবার মুঠোফোনে স্বামীর সঙ্গে যোগাযোগ করলে তিনি শেফালীকে তালাকের হুমকি দেন। এরপরই বিকেলে কীটনাশক পান করে আত্মহত্যা করেন শেফালী। পরিবারের লোকজন জানান, বিয়ের সময় যৌতুক দেওয়া হয়। বিয়ের পর আরও নগদ টাকার জন্য শাহজাহান শেফালীর ওপর চাপ সৃষ্টি করেন। এ জন্য নির্যাতন চলতে থাকে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও গৃহবধূর পরিবারের লোকজন জানান, চার বছর আগে রামনাথপুর গ্রামের আবদুর রেজ্জাকের ছেলে আবদুর রশিদের সঙ্গে পাশের তালুক কানুপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে রেশমা বেগমের বিয়ে হয়। বিয়ের সময় ২০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। কিন্তু রশিদ ছয় মাস ধরে রেশমার কাছে আরও এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকার জন্য রেশমাকে প্রায়ই নির্যাতন করতেন। ২২ নভেম্বর সকালে রেশমা ঘরে ডাল রান্না করছিলেন। এ সময় রশিদ ঘরে ঢুকে রেশমাকে টাকা আনতে বলেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে রশিদ চুলার ওপর থাকা ফুটন্ত ডালের পাতিল তুলে রেশমার মাথায় ঢেলে দেন। পরে তাঁকে ঘরে আটকে রাখা হয়।
খবর পেয়ে ২৪ নভেম্বর রেশমার চাচা শাহজাহান মিয়া রামনাথপুর গ্রামে জামাইয়ের বাড়িতে যান। কিন্তু তিনি রেশমাকে দেখতে না পেয়ে রশিদের বাবা ও মায়ের কাছে রেশমার অবস্থান জানতে চান। তাঁরা রেশমা আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছেন বলে জানান। এ সময় রেশমা অন্য একটি ঘরে বন্দী অবস্থায় চাচার কণ্ঠ শুনতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে তিনি রেশমাকে উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলে আবদুর রেজ্জাক তাতে বাধা দেন।
পরে শাহজাহান বাড়ি ফিরে লোকজন নিয়ে আবার রেশমার শ্বশুরবাড়িতে যান। কিন্তু এ সময়ও তাঁরা রেশমাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে গোবিন্দগঞ্জ থানায় জানালে পুলিশ রেশমাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রেশমার বাবা রেজাউল করিম বাদী হয়ে মামলা করেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, রেশমার স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।