যৌতুক না পেয়ে গৃহবধূ নির্যাতনের অভিযোগ
যৌতুক না পেয়ে গাইবান্ধা সদর উপজেলার রামনাথেরভিটা গ্রামের আনজুয়ারা বেগম (৩৫) নামের এক গৃহবধূ স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
গাইবান্ধা সদর থানার পুলিশ ও গৃহবধূর পারিবারিক সূত্রে জানা যায়, দশ বছর আগে রামনাথেরভিটা গ্রামের এমদাদুল হকের সঙ্গে পাশের পলাশবাড়ী উপজেলার হরিনাবাড়ী গ্রামের আলম উদ্দিনের মেয়ে আনজুয়ারার বিয়ে হয়। এরপর থেকেই এমদাদুল স্ত্রীর কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। এ টাকার জন্য বিভিন্ন সময়ে স্ত্রীর ওপর তিনি নির্যাতনও চালাতেন। ৩ জানুয়ারি এমদাদুল স্ত্রীকে তাঁর বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে চাপ দেন। এতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরই একপর্যায়ে এমদাদুল স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করে ঘরে আটকে রেখে চলে যান। খবর পেয়ে ওই দিনই পুলিশ গিয়ে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ নিয়ে গৃহবধূর ছোট ভাই আব্দুল খালেক বাদী হয়ে এমদাদুলসহ চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
আব্দুল খালেক বলেন, মামলা দায়েরের পর পাঁচ দিন পার হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।
হাসপাতালে চিকিৎসাধীন আনজুয়ারা বলেন, ‘আমার অপরাধ, যৌতুকের টাকা দিতে পারিনি। তাই সে আমাকে মেরেছে।’ তিনি আরও বলেন, ‘এখন আমি কোথায় যাব? আমার নয় বছরের এক মেয়ে আছে। আমি বিচার চাই।’
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অপর দিকে ঘটনার পর থেকে এমদাদুল হক পলাতক থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।